তিন ঘণ্টার দীর্ঘ এবং ধীরগতির সিনেমা সাধারণত দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স দর্শকদের খুব একটা পছন্দ হয় না। তবে প্রখ্যাত নির্মাতা লি চ্যাং-দংয়ের নতুন চলচ্চিত্র ‘পসিবল লাভ’ দর্শকদের সেই চিরাচরিত ধারণা বদলে দিয়েছে। মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে এই ছবিটি। এমনকি রোববার সকালেও তালিকার প্রথম অবস্থানেই ছিল এটি।

গত শুক্রবার বিকেল পাঁচটায় নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এই চলচ্চিত্রটি। উল্লেখ্য, নেটফ্লিক্স প্রতিদিন প্রতিটি দেশের জন্য আলাদাভাবে জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা প্রকাশ করে থাকে। ২০২৩ সাল থেকে একটি নির্দিষ্ট নিয়মে এই তালিকার অবস্থান নির্ধারণ করা হয়; যেখানে কোনো কনটেন্টের মোট দেখার সময়কে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে র‍্যাঙ্কিং করা হয়।

‘পসিবল লাভ’ মুক্তির ঠিক আগে, গত সোমবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল লি চ্যাং-দংয়ের ২০২২ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হার্টবিট’। নতুন সিনেমার সঙ্গে এই স্বল্পদৈর্ঘ্য ছবির এক ধরনের যোগসূত্র রয়েছে। মাত্র ২৮ মিনিটের এই চলচ্চিত্রে দেখানো হয়েছে ধর্মঘটের প্রভাব কীভাবে একটি পরিবারের ওপর পড়ে। এতে এক ছোট ছেলে এবং তার সংগ্রামী মা-বাবার জীবন ফুটে উঠেছে। বিশেষ বিষয় হলো, ‘পসিবল লাভ’ সিনেমায় দম্পতির চরিত্রে অভিনয় করা জিওন দো-ইয়ন ও সুল কিয়ং-গুও এই স্বল্পদৈর্ঘ্য ছবিটিতেও অভিনয় করেছেন।

নেটফ্লিক্সে আসার আগে ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে দুই সপ্তাহ প্রদর্শিত হয় ‘পসিবল লাভ’। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের টিকিট বিক্রির হিসাব অনুযায়ী, ওই নির্দিষ্ট সময়ে ছবিটি দেখেছেন ২ লাখ ৩০ হাজার ৪৭২ জন দর্শক। ছবির কাহিনীতে ভিন্ন সামাজিক শ্রেণির দুটি দম্পতির জীবন ফুটিয়ে তোলা হয়েছে। একটি তথ্যচিত্র নির্মাণের প্রক্রিয়ায় তাদের পথ এক হয়ে যায়। সুল কিয়ং-গুও ও জিওন দো-ইয়ন এখানে অভিনয় করেছেন চাকরি হারানো এক কারখানা শ্রমিক ও তাঁর স্ত্রীর চরিত্রে। অন্যদিকে, ধনী স্বামীর (জো ইন-সাং) সঙ্গে তাঁদের জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে আসেন পরিচালক চরিত্রের চো ইয়ো-জং।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর এটিই লি চ্যাং-দংয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় এবং সেখানে এটি দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জয় করে। সেই সময় থেকেই সিনেমাটি সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক সমালোচকের মতে, এটি চলতি বছরের অন্যতম সেরা চলচ্চিত্র।

সাফল্যের ধারা অব্যাহত রেখে ‘পসিবল লাভ’ অস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে। এছাড়া গথাম অ্যাওয়ার্ডসেও তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি, যার মধ্যে জিওন দো-ইয়ন সেরা প্রধান অভিনয়শিল্পীর বিভাগে মনোনীত হয়েছেন।

লি চ্যাং-দং স্থানীয় গণমাধ্যমকে একাধিকবার জানিয়েছেন, ছবিটি নিয়মিত প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় তিনি কোনো বিনিয়োগকারী পাননি। পরবর্তীতে নেটফ্লিক্স ছবিটির সঙ্গে যুক্ত হয়। এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি নির্মাতাকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে মুক্তির নিশ্চয়তা প্রদান করে।