রাজধানীর তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই-বাছাই করার পর এই অনিয়ম ধরা পড়ে।

আজ বুধবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে বিএসটিআই। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালিবাগ, টিকাটুলী ও খিলগাঁও এলাকার তিনটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া গেছে।

বিএসটিআইয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়, মালিবাগের চৌধুরীপাড়ায় অবস্থিত মালিবাগ অটো সার্ভিসের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়, যার মধ্যে একটি ডিজেল ইউনিটে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। একইভাবে টিকাটুলীর হাই অ্যান্ড কোম্পানির তিনটি ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে তেলের পরিমাণ কম পাওয়া গেছে। এছাড়া খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ইউনিট যাচাই করে দুটি অকটেন ইউনিটে তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে।

বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে তাঁর সাথে আরও অংশ নেন সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি এবং ভোক্তাস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধ করতে ফিলিং স্টেশনগুলোতে নজরদারি ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখা হবে। সাধারণ ভোক্তারা যাতে সঠিক পরিমাপে জ্বালানি তেল পান, তা নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিমাপযন্ত্র যাচাই করা হচ্ছে।