গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দির তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে ওই কয়েদির পেট থেকে একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু এবং ইটের টুকরো উদ্ধার করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন।
কারাগার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার লক্ষ্যে গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসমত আলীকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকেরা তাঁর শরীর থেকে বেশ কিছু গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরো বের করেন।
জানা গেছে, কারাগারে পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটার সংগ্রহ করতেন হাসমত। পরবর্তীতে তিনি সেগুলো খেয়ে ফেলতেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, “হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দী অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়।”
জেল সুপার আরও জানান, “পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটার সংগ্রহ করতেন হাসমত। পরে সেগুলো খেয়ে ফেলতেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি সুস্থ।”