বরিশালের কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর একটি বিশাল ক্রেন ভেঙে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন ঘাটে নোঙর করা অবস্থায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় দুটি জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশার কথা এই যে, এতে কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার তীব্রতায় আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে ক্রেনটির অপারেটর ইউনুস মিয়া।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক মহড়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন পরিচালনার কাজ চলছিল। কাজ শুরু করার মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ক্রেনটির কাঠামোর একটি অংশ হঠাৎ ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই বিশাল আকৃতির ক্রেনটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পাশে থাকা দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে।
এর ফলে জাহাজ দুটির ছাদ এবং উপরের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রেনটির বিশাল কাঠামোটি জাহাজগুলোর ওপর আটকে থাকায় সেটি সরিয়ে নেওয়া নিয়ে বর্তমানে জটিলতা তৈরি হয়েছে।
উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর বলেন, ‘প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ করে কীভাবে টেকনিক্যাল ফল্ট করল, তা আমাদেরও জানা নেই। ঘটনার সময় আমাদের একজন জাহাজ স্টাফ আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’
উল্লেখ্য, বিআইডব্লিউটিএ-র উদ্ধারকারী নৌযানের বহরে বর্তমানে মোট চারটি জাহাজ রয়েছে। এর মধ্যে হামজাকে সংগ্রহ করা হয়েছিল ১৯৬৪ সালে এবং রুস্তমকে ১৯৮৩ সালে; এই দুটি জাহাজের সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা ৬০ টন করে। অন্যদিকে, ২০১৩ সালে সংগ্রহ করা হয় নির্ভীক ও প্রত্যয় নামের দুটি জাহাজ। ৩৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দুটি উদ্ধারকারী জাহাজের প্রতিটির সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা ২৫০ টন। বড় ধরনের উদ্ধারকাজ পরিচালনার জন্য এই দুই জাহাজে থাকা ক্রেনগুলো ব্যবহৃত হয়, যার দৈর্ঘ্য ১৬০ মিটার।
বিআইডব্লিউটিএ-র যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাক্কী জানান, নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ-র আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য বিআইডব্লিউটিএ সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি কারিগরি ত্রুটিজনিত দুর্ঘটনা।
অন্যদিকে, বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।