নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার ফলে জন্ম নেওয়া সন্তানের লালন-পালন, শিক্ষা ও ভরণপোষণের যাবতীয় দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এই রায় ঘোষণা করেন। মামলার অন্য আসামি এবং দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুটির মা। পাশাপাশি তার মেয়ে ও নাতনির ভবিষ্যৎ নিরাপত্তা এবং ভরণপোষণ নিশ্চিত করার জন্য তিনি আদালতকে ধন্যবাদ জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর মুক্তকণ্ঠকে বলেন, “মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ ৬০ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়েছে। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। ওই প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।”

আদালত ও মামলার নথিপত্র থেকে জানা গেছে, মা-বাবার বিচ্ছেদের পর ভুক্তভোগী শিশুটি নেত্রকোনার মদনে তার নানার বাড়িতে অবস্থান করত এবং ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে মা বাড়িতে ফিরে আসেন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানান যে শিশুটি অন্তঃসত্ত্বা। এরপরই শিশুটি পরিবারের কাছে ধর্ষণের কথা প্রকাশ করে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে পুলিশ অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের আদেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। এরপর আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান গত ২৭ আগস্ট আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২৮ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

রায় ঘোষণার পর শিশুটির মা মুক্তকণ্ঠকে বলেন, “আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় তিনি এই রায়ে সন্তুষ্ট। পাশাপাশি মেয়ে ও নাতনির ভরণপোষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করায় আদালতকে তিনি ধন্যবাদ জানান।”