দৈনন্দিন জীবনকে সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন অপরিহার্য হয়ে উঠেছে। তবে এই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং এআইকে অধিক স্বাধীনতা দেওয়ার ফলে গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক উইলিয়াম বাউডের সঙ্গে এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অ্যানথ্রপিকের এআই চ্যাটবট ক্লডকে পুরোনো কিছু লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করার নির্দেশ দিয়েছিলেন তিনি, কিন্তু সেই প্রক্রিয়ায় ক্লড ভুলবশত তাঁর এক বছরের লেকচার নোট এবং চলতি শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ফাইলগুলো মুছে ফেলে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডেক্সার্তোর এক প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের এই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অধ্যাপক বাউড। তিনি জানান, দুপুরের খাবার খেতে যাওয়ার আগে তিনি ক্লডকে সংবিধানবিষয়ক পুরোনো কিছু লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা ঠিক করার কথা বলেছিলেন। কিন্তু খাবার শেষ করে ফিরে এসে তিনি লক্ষ্য করেন, তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ফাইল কম্পিউটার থেকে গায়েব হয়ে গেছে। এর মধ্যে ছিল এক বছরের সঞ্চিত ক্লাস নোট এবং ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত করা চূড়ান্ত পাঠ্যসূচির ফাইল।

পরবর্তীতে ড্রপবক্সের ব্যাকআপ সুবিধার মাধ্যমে মুছে যাওয়া সমস্ত ফাইল পুনরুদ্ধার করতে সক্ষম হন অধ্যাপক বাউড। তবে এই ঘটনাটি কম্পিউটার ফাইল ব্যবস্থাপনায় এআই সহকারীদের কতটুকু নিয়ন্ত্রণ বা স্বাধীনতা দেওয়া নিরাপদ, তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

এক্সে দেওয়া তাঁর পোস্টের সাথে ক্লডের সাথে কথোপকথনের একটি স্ক্রিনশটও যুক্ত করেন অধ্যাপক বাউড। সেই স্ক্রিনশটে দেখা যায়, চ্যাটবটটি নিজেই নিজের ভুল স্বীকার করেছে। ক্লডের ভাষ্য অনুযায়ী, ভুলবশত অধ্যাপকের ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের চূড়ান্ত পাঠ্যসূচির ডক ফাইল এবং ২০২৩ সালের সংবিধানবিষয়ক আইনের ক্লাস নোটের মূল ফোল্ডারগুলো মুছে গেছে।

ক্লডের বার্তায় বলা হয়, ‘আমি ভুল করে আপনার ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের চূড়ান্ত পাঠ্যসূচির ফাইল এবং ২০২৩ সালের ক্লাস নোটের সব মূল ফোল্ডার মুছে ফেলেছি। ফাইলগুলো এখনো পুনরুদ্ধার করা হয়নি।’

চ্যাটবটটি আরও ব্যাখ্যা করে জানায় যে, নথিগুলো যাচাই করার সময় একটি পৃষ্ঠাসংখ্যায় ভুল ধরা পড়েছিল। তবে লেকচার নোটে কোনো পরিবর্তন করার আগেই ফাইলগুলো মুছে যায়। এরপর ড্রপবক্স থেকে ফাইলগুলো উদ্ধার করা সম্ভব কি না, তা অধ্যাপক বাউডের কাছে জানতে চায় ক্লড এবং প্রয়োজনে নিজেই সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করার প্রস্তাব দেয়।

অধ্যাপক বাউড স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ক্লডকে ফাইলগুলো নতুন করে সাজাতে বা গোছাতে কোনো নির্দেশ দেননি। তাঁর একমাত্র নির্দেশ ছিল পুরোনো এক সেট লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করা।

ড্রপবক্সের মাধ্যমে সব ফাইল ফিরে পাওয়ার পর এক্সে আরেকটি পোস্ট দেন অধ্যাপক বাউড। সেখানে তিনি লেখেন, ‘ড্রপবক্সের সহায়তায় সব ফাইলই ফিরে পেয়েছি। তবে বিষয়টি অন্যদের সতর্ক করার জন্য প্রকাশ্যে জানানো প্রয়োজন বলে মনে করেছি।’

ঘটনার সময় অধ্যাপক বাউড ক্লডের কোন সংস্করণটি ব্যবহার করছিলেন, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া ঠিক কী কারিগরি ত্রুটির কারণে চ্যাটবটটি ফাইলগুলো মুছে ফেলেছিল, তা এখনো স্পষ্ট নয়।