মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লড এবং ডিপসিকসহ একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ পাবেন। আন্তর্জাতিক পেমেন্টের ঝামেলা দূর করে একটি সাবস্ক্রিপশনে এসব সেবা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার গ্রামীণফোন এবং বুধবার রবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রামীণফোন তাদের ‘ওয়ানএআই’ সেবা চালু করেছে। মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা একটি সাবস্ক্রিপশন কিনে চ্যাটজিপিটি, ক্লড, গ্রোক, ডিপসিক ও জেমিনাই সহ বিভিন্ন এআই মডেল ও টুল ব্যবহার করতে পারবেন। শেখা ও গবেষণা, কনটেন্ট লেখা, কোডিং, সফটওয়্যার তৈরি, সৃজনশীল কাজ, এআই দিয়ে ছবি তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরিসহ বিভিন্ন কাজে এই সেবা ব্যবহার করা যাবে। গ্রাহকরা সরাসরি অ্যাপ থেকে মোবাইল ব্যালেন্সের মাধ্যমে পছন্দের প্যাকেজ কিনতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য ওয়ানএআইয়ের প্যাকেজ শুরু হচ্ছে মাসে ৭১ টাকা থেকে। এতে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি গবেষণা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও কোডিংয়ে সহায়তার সুবিধা থাকবে বলে জানিয়েছে গ্রামীণফোন।
এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, "বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ওয়ানএআইয়ের মতো উদ্যোগ সাধারণ মানুষের কাছে এআই সহজলভ্য করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।"
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, "মাইজিপি অ্যাপে ওয়ানএআই যুক্ত করার মাধ্যমে বিশেষ করে শিক্ষার্থীদের হাতে এআইয়ের সম্ভাবনা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শেখা, কাজ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের পথ আরও সহজ হবে।"
অন্যদিকে, রবি আজিয়াটা বুধবার একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিয়ে ‘রবি এআই স্পেস’ চালুর ঘোষণা দেয়। ‘এভরি এআই’ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সেবাটি চালু করেছে অপারেটরটি। রবির গ্রাহকরা মাই রবি অ্যাপের মাধ্যমে ‘রবি এআই স্পেস’ ব্যবহার করতে পারবেন। এতে চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লড ও ডিপসিকের মতো এআই মডেল ব্যবহারের সুযোগ থাকবে। একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাক কিনে এসব মডেল ব্যবহার করা যাবে।
রবি বলছে, আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের অনেক ব্যবহারকারী এত দিন বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল সেবা সরাসরি ব্যবহার করতে পারেননি। মাই রবি অ্যাপের মাধ্যমে মোবাইল ডেটা বান্ডল কিনে এআই মডেল ব্যবহার বা এআই টোকেন সংগ্রহের সুযোগ তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা এভরি এআই অ্যাপের মধ্যেই তাঁদের টোকেনের বর্তমান পরিমাণ দেখতে পারবেন।
শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের লক্ষ্য করে সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে রবি। গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা ও দৈনন্দিন কাজের জন্য এআইভিত্তিক বিভিন্ন টুল ব্যবহারের সুযোগ থাকবে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, "ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বাংলাদেশের বাজারে বৈশ্বিক ডিজিটাল টুল ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি বাধা। মাই রবি অ্যাপে অল-ইন-ওয়ান এআই প্ল্যাটফর্ম আনার মাধ্যমে সেই বাধা দূর করার চেষ্টা করা হয়েছে।"