সন্তানকে নিয়ে রিকশায় যাতায়াতের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের বিশেষ সতর্কতার প্রয়োজন। সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সন্তানের জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি পদক্ষেপ নেওয়া জরুরি।
রাজধানীর বনশ্রীর ব্যস্ত সড়ক। সকালের ভিড়ে ছেলে ইলহামকে নিয়ে স্কুলের সামনে রিকশা থেকে নামলেন সোনিয়া আক্তার। রিকশা থেকে নামার পরপরই তিনি দ্রুত ছেলের হাত ধরে তাকে রাস্তার পাশের ফুটপাতে নিয়ে গেলেন। এই পুরো সময়ে তিনি বারবার পেছনে তাকাচ্ছিলেন। তার মনে একটাই আতঙ্ক—পেছন থেকে হঠাৎ কোনো রিকশা এসে ধাক্কা দিয়ে দেয় কি না। শিশুকে নিয়ে রাস্তায় চলাচলের সময় এই ধরনের উদ্বেগের অভিজ্ঞতা এখন অনেক অভিভাবকেরই নিত্যসঙ্গী। বিশেষ করে ব্যাটারিচালিত রিকশার ব্যাপক প্রসারের ফলে এই দুশ্চিন্তা আরও বহুগুণ বেড়েছে।
সোনিয়া আক্তার জানান, সন্তানকে নিয়ে রিকশায় ভ্রমণের পুরো পথটিই তাকে অত্যন্ত সতর্কতার সাথে কাটাতে হয়। তিনি বলেন, “শিশুদের নিয়ে বাইরে বের হলে সব সময় একটা দুশ্চিন্তা কাজ করে। রিকশায় বসে শিশুরা আশপাশের গাড়ি দেখতে গিয়ে কখনো একদিকে ঝুঁকে পড়ে, আবার কখনো কৌতূহলবশত হাত বাইরে বের করে দেয়। তাই আমি ছেলেকে সব সময় পুরো পথ আগলে রাখি। রিকশা চলার সময় তার দিকে আলাদা নজর রাখি। চালককেও ধীরে চালাতে বলি। কারণ, একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের নিরাপত্তার চেয়ে জরুরি আর কিছু নেই।”
অভিভাবকের সতর্কতার পাশাপাশি শিশুটি কোন ধরনের রিকশায় যাতায়াত করছে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে পায়ে টানা রিকশার সংখ্যা কমে এসেছে এবং যন্ত্রচালিত রিকশার বিভিন্ন ধরন দেখা যায়। ঢাকার ওয়ারী ট্রাফিক জোনের সহকারী ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর (এটিএসআই) মো. আনওয়ারুল ইসলাম জানান, চিকন চাকার অটোরিকশাগুলো তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ। এসব রিকশার গতি অনেক বেশি থাকে এবং হঠাৎ জোরে ব্রেক করলে ভারসাম্য হারিয়ে উল্টে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। বিশেষ করে শিশুদের নিয়ে চলাচলের ক্ষেত্রে এ ধরনের রিকশা এড়িয়ে চলা উচিত। অন্যদিকে মোটা চাকার অটোরিকশাগুলো তুলনামূলক ধীরগতিতে চলে এবং এগুলোর ভারসাম্যও কিছুটা ভালো থাকে। তাই শিশুদের নিয়ে যাতায়াতের সময় চিকন চাকার অটোরিকশার পরিবর্তে মোটা চাকার অটোরিকশা ব্যবহারের পরামর্শ দেন তিনি।
রিকশায় চড়ার সময় শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরের দেওয়া বিশেষ পরামর্শগুলো নিচে তুলে ধরা হলো—
ছোট শিশুকে কখনোই রিকশায় একা বসিয়ে রাখা উচিত নয়। অভিভাবককে অবশ্যই শিশুর পাশে বসে এক হাতে তাকে নিরাপদে ধরে রাখতে হবে। শিশুকে রিকশার আসনের একেবারে কোনায় বসানো যাবে না, কারণ এতে ঝাঁকুনি বা হঠাৎ ব্রেকের সময় শিশুটি পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
চলন্ত রিকশায় শিশুরা কৌতূহলবশত হাত, পা কিংবা মাথা বাইরে বের করতে পারে। এর ফলে পাশ দিয়ে যাওয়া গাড়ি, মোটরসাইকেল বা অন্য রিকশার সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। তাই শুরু থেকেই শিশুকে হাত-পা রিকশার ভেতরে রাখার অভ্যাস করাতে হবে।
রিকশা চলাকালীন শিশুকে হাত দিয়ে শক্ত করে ধরে রাখতে হবে। বিশেষ করে রাস্তার গর্ত, গতিরোধক কিংবা মোড়ে চালক হঠাৎ ব্রেক করলে শিশু সামনের দিকে ছিটকে পড়তে পারে। শিশুকে আসনের ওপর দাঁড়ানো, লাফানো কিংবা এক পাশ থেকে অন্য পাশে ঝুঁকে পড়তে দেওয়া যাবে না।
একটি রিকশায় আসনের তুলনায় বেশি যাত্রী উঠলে ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে শিশুর সঙ্গে অতিরিক্ত যাত্রী থাকলে বসার জায়গা সংকুচিত হয়, যা শিশুর পড়ে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই রিকশায় যতজনের নিরাপদে বসার জায়গা আছে, তার বেশি যাত্রী নিয়ে ওঠা উচিত নয়।
রিকশায় ওঠার আগে আসন, চাকা, পাদানি ও ব্রেকের অবস্থা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। আসন নড়বড়ে হলে কিংবা ব্রেক ঠিকমতো কাজ না করলে সেই রিকশায় না ওঠাই ভালো। রিকশায় ওঠার পর চালককে ধীরে ও সতর্কভাবে চালানোর অনুরোধ করা যেতে পারে।
ঢাকার অনেক সড়কে রিকশা চলাচলের সময় উল্টো পথে যাওয়া, যানবাহনের ফাঁক গলে দ্রুত চলা কিংবা ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দেখা যায়। এসব কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। শিশুদের নিয়ে চলাচলের সময় সম্ভব হলে ব্যস্ত মোড় ও ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে চলা উচিত। বৃষ্টি বা পিচ্ছিল রাস্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
এই প্রসঙ্গে আনওয়ারুল ইসলাম বলেন, “প্রতিদিন সড়কে চলাচলের সময় নানা ধরনের অনিয়ম ও অসতর্কতা চোখে পড়ে। অনেক চালক দ্রুত গন্তব্যে পৌঁছাতে গিয়ে উল্টো পথে রিকশা চালান কিংবা যানবাহনের ফাঁক দিয়ে চলাচল করেন। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কোনো দুর্ঘটনা ঘটলে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চালক ও যাত্রী—উভয়কেই ট্রাফিক আইন মেনে চলতে হবে।”
অনেক সময় চালকেরা রাস্তার মাঝখানেই রিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করান। এতে পেছন থেকে আসা অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। তাই রিকশা নিরাপদ পাশে থামিয়ে শিশুকে ওঠাতে ও নামাতে হবে। রিকশা পুরোপুরি থামার পর শিশুকে নামাতে হবে এবং নামার পর তার হাত ধরে ফুটপাত বা নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। রিকশা থেকে নেমেই শিশুকে রাস্তার দিকে দৌড়াতে দেওয়া যাবে না।
রিকশায় বসে অভিভাবকের মুঠোফোনে ব্যস্ত থাকা একদমই উচিত নয়। শিশুর ঘুমিয়ে পড়া, হঠাৎ নড়াচড়া কিংবা আসন থেকে পিছলে যাওয়ার মতো বিষয়গুলোতে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে। শিশুর সঙ্গে কথা বলে তাকে বোঝাতে হবে যে, চলন্ত অবস্থায় হাত-পা বাইরে বের করা, দাঁড়ানো কিংবা একদিকে ঝুঁকে পড়া কেন বিপজ্জনক।
শিশুর কাছে রিকশায় চড়া হয়তো প্রতিদিনের সাধারণ যাতায়াত। কিন্তু এই ছোট্ট যাত্রায় সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই অভিভাবকের সচেতনতা, চালকের দায়িত্বশীলতা এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাসই পারে শিশুর যাত্রাকে আরও নিরাপদ করতে। গন্তব্যে দ্রুত পৌঁছানোর চেয়ে শিশুকে নিরাপদে পৌঁছে দেওয়াই সবচেয়ে জরুরি।