এক যুগেরও বেশি সময় ধরে চলা দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে রাজধানীর মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ের ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক। শাপলা চত্বরের পাশেই অবস্থিত এই ভবনটির দখল আজ মঙ্গলবার আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করার পর ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে ভবনটির নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। বাকি কাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে ব্যাংকটি।
বেসিক ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল সোমবার ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ ভবনটির দখল ব্যাংকের অনুকূলে দেওয়ার নির্দেশ প্রদান করেন। আদালতের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রয়োজনীয় উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ব্যাংক কর্তৃপক্ষ ভবনটির দখল লাভ করে। এই হস্তান্তর প্রক্রিয়ায় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভবনটির দখল পাওয়ার পর বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত ভবনটির দখল ব্যাংককে বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেব। এতে ব্যাংকের পরিচালন ব্যয় কমবে।’
ব্যাংক সূত্রে জানা গেছে, নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতাপ্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। চুক্তির শর্তানুসারে, ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারিত করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্মাতাপ্রতিষ্ঠান ভবনটি হস্তান্তর করেনি। ফলে ব্যাংকের স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় বেসিক ব্যাংক আদালতের শরণাপন্ন হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট মামলায় ব্যাংকের পক্ষে রায় ও আদেশ প্রদান করা হয়।
ভবনটি নিয়ে নেপথ্যে রয়েছে নানা জটিলতা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও সেনাকল্যাণ ভবনের বিপরীত দিকের একটি ভবনের ১২টি তলা ৮১ কোটি টাকায় কেনার জন্য সিঙ্কু আকরামুজ্জামানের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। ব্যাংক থেকে অর্থ নিয়েই ভবনটির নির্মাণকাজ শুরু হয়। তবে পরবর্তীতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যাচাই করে দেখে যে, ওই চুক্তিটির কোনো বৈধতা ছিল না। এমনকি যে জমির ওপর ভবনটি তৈরি করা হয়েছে, সেটিও তখন পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত ছিল এবং জমিটি নিয়ে আদালতে মামলা চলছিল।
উল্লেখ্য, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবনের সম্প্রসারণ, মেরামত বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের প্রয়োজন হয়। এই বিষয়ে ১৯৮৫ ও ১৯৯৮ সালে সরকার দুই দফায় নির্দেশনা প্রদান করেছিল। কিন্তু বেসিক ব্যাংক ভবন কেনার ক্ষেত্রে এই নির্দেশনাসমূহের কোনোটিই মেনে চলেনি।
ভবন কেলেঙ্কারির সূত্রপাত হয় ২০০৯ সালের সেপ্টেম্বরে আবদুল হাই বাচ্চু ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন মাস পর। ২০০৯ সালের ১৩ ডিসেম্বর আবদুল হাই বাচ্চু স্বাক্ষরিত ব্যাংকের ২৬১তম পর্ষদ সভার কার্যবিবরণীতে উল্লেখ থাকে, ওই সভায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘২০ বছর পার হলো, অথচ ব্যাংকের কোনো ভবন নেই! এটা হতে পারে না।’ এই সভার সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব ভবন করার উদ্যোগ নেওয়া হয় এবং ২০১০ সালের ১ এপ্রিল মতিঝিলে ৫১ হাজার ৫০০ বর্গফুটের স্পেস কেনার জন্য সিঙ্কু আকরামুজ্জামানের সঙ্গে চুক্তি করা হয়। ত্রিপক্ষীয় চুক্তিতে বলা হয়, বেসিক ব্যাংক আকরামুজ্জামানকে ৮১ কোটি টাকা দেবে এবং তিনি ১৫ তলা ভবন তৈরি করে ১২টি তলা ব্যাংকের কাছে হস্তান্তর করবেন। ভবনের নাম রাখা হবে ‘জামান বেসিক ব্যাংক টাওয়ার’।
চুক্তি স্বাক্ষরের দিনই বেসিক ব্যাংক আকরামুজ্জামানকে ৪০ কোটি টাকা প্রদান করে। পরবর্তীতে কয়েকটি কিস্তিতে আরও ৩৬ কোটি টাকা দেওয়া হয়।
বেসিক ব্যাংক সূত্রে আরও জানা গেছে, সিঙ্কু আকরামুজ্জামান ওই ভবনের ওপর আরও সাতটি তলা তৈরি করে সেগুলোও বেসিক ব্যাংককে কিনতে হবে বলে চাপ দিচ্ছিলেন। নতুন সাতটি তলা তৈরির জন্য ১৬২ কোটি টাকা দাম ধরে তিনি আরও ৮১ কোটি টাকা অগ্রিম চেয়েছিলেন, তবে ব্যাংক কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি।
২০১৪ সালের জুলাইয়ে আবদুল হাই বাচ্চু দায়িত্ব ছাড়ার পর আলাউদ্দিন এ মজিদ চেয়ারম্যান এবং খন্দকার মো. ইকবাল এমডির দায়িত্বে আসেন। ২০১৭ সালের জুলাইয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানতে চায়, মোটা অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতার এই বিষয়টি বেসিক ব্যাংক কেন আগে জানায়নি। ২১ আগস্ট এমডি খন্দকার মো. ইকবাল এর ব্যাখ্যা দিলেও অসম্পূর্ণ জবাবের কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সন্তুষ্ট হয়নি। ব্যাখ্য়ায় এমডি জানিয়েছিলেন, ১৯৮৯ সাল থেকেই জমিটি পরিত্যক্ত সম্পত্তি ছিল এবং মালিকানা নিয়ে মামলা চলছিল, যা ২০১৬ সালে চূড়ান্তভাবে আকরামুজ্জামানের পক্ষে রায় হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ কর্মকর্তাদের মতে, আবদুল হাই বাচ্চুর পরবর্তী সময়ে যারা ব্যাংক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তাঁদের গাফিলতির কারণেই ভবনটির দখল পেতে এত দেরি হয়েছে।
এই বিষয়ে যোগাযোগ করা হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক আজ মুক্তকণ্ঠকে বলেন, ‘ভবনটি দখল পাওয়ার পেছনে অনেকের ভূমিকা আছে। বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আদালত এবং বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ জন্য আমরা ধন্যবাদ জানাই।’