রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিনজনের নাম প্রস্তাব করেছে সরকার। এই তিন মনোনয়নের মধ্যে দুজনই বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকার। পাশাপাশি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদের বিষয়ে পূর্বের একটি সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তিনটি ব্যাংকের পর্ষদকে আলাদা চিঠির মাধ্যমে এই মনোনয়নের কথা জানানো হয়েছে। একই সাথে সোনালী ব্যাংকের এমডির মেয়াদের বিষয়ে নেওয়া পূর্বের নির্দেশনা প্রত্যাহারের কথা ওই ব্যাংকের পর্ষদকে অবহিত করা হয়েছে। ১৯ অক্টোবর শওকত আলী খানের এমডি হিসেবে অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছিল, যা আজ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি আরও এক বছর সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন মনোনয়নপ্রাপ্তদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম জনতা ব্যাংকের এমডি পদে মনোনীত হয়েছেন। জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা বেসিক ব্যাংকের এমডি এবং যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনীত হয়েছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলোর পর্ষদকে অনুরোধ করেছে যেন এই তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তবে বিডিবিএল ও রূপালী ব্যাংকের এমডি পদের জন্য এখন পর্যন্ত কারও নাম মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।