দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যক্তিগত পর্যায়ে ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে বাধা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আওয়ামী লীগের ব্যানারে কোনো দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান এসব কথা বলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রণজিৎ সরকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাঁর নিজ নির্বাচনী এলাকায় একটি সমাবেশ করেছেন। এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক যখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন, তখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা উত্তর দেন যে, প্রথমত আওয়ামী লীগের কর্মসূচি বর্তমানে নিষিদ্ধ। আওয়ামী লীগের কোনো ব্যক্তি কী করেছেন এবং তিনি তাঁর দলের কোনো কর্মসূচি বা সভা করেছেন কি না, সেটিই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটিতে) বিচারাধীন রয়েছে। তবে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে বর্তমানে দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। ফলে আওয়ামী লীগের সদস্যরা দলীয় কোনো সভা বা মিছিল করতে পারছেন না। তবে কোনো ব্যক্তি যিনি আওয়ামী লীগে যুক্ত ছিলেন বা পদে ছিলেন, তাঁর বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলখানায় না থাকেন অথবা জামিনে থাকেন, তবে তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, তা কিন্তু নয়।
রণজিৎ সরকারের সমাবেশের বিষয়ে উপদেষ্টা প্রশ্ন করেন, ‘এখন আমি নিশ্চিত নই, সভাটি (রণজিৎ সরকারের) আওয়ামী লীগের কর্মসূচি ছিল? আওয়ামী লীগের ব্যানার দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি হয়েছে?’
সংশ্লিষ্ট সাংবাদিক যখন জানান যে, সেখানে ব্যানার এবং প্যান্ডেল ব্যবহার করে সভা করা হয়েছে, তখন উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি, এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
পরবর্তীতে অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, ‘বুঝতে হবে, সেটা হচ্ছে, মামলা থাকলেই একটা মানুষ, আমি জানি না, আবারও বলছি, ওনার (রণজিৎ সরকার) স্ট্যাটাসটা আমরা জানি না, এটা দেখতে হবে। মামলা থাকলে একটা মানুষের কিন্তু বিদেশ থেকে আসা-যাওয়ায় কোনো সমস্যা হয় না। একটা মানুষ ফেরারি কি না, ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, উনি সেটা ফলো করেন কি না, সেটা হচ্ছে আসলে বিষয়। এগুলো আছে কি না, এগুলো খতিয়ে দেখার ব্যাপার আছে। আমি নিশ্চিত করতে পারি, এটা নিশ্চয়ই খতিয়ে করে দেখা হচ্ছে।’
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।