রাজধানীর একটি আদালত থেকে চাঞ্চল্যকর এক ঘটনায় হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার একজন আসামি। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১–এর কাঠগড়া থেকে মো. কাউসার মিয়া নামের ওই আসামি পালিয়ে যান।
দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আসামি কাউসারের নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহম্মেদ মুক্তকণ্ঠকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে এডিসি নাসির আহম্মেদ মুক্তকণ্ঠকে বলেন, “আসামি কাউসারকে কাঠগড়ায় আনা হয়। কিন্তু হত্যা মামলাটির সাক্ষী না আসায় আজ শুনানি হয়নি। কাউসারকে কাঠগড়ায় রাখা হয়েছিল হাতকড়া পরিয়ে। তিনি হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।”
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা মুক্তকণ্ঠকে জানান, পলাতক আসামি কাউসারের বাড়ি নেত্রকোনায় এবং তাঁর বাবার নাম রুকু মিয়া। তিনি ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি এবং বর্তমানে ওই মামলার বিচার কার্যক্রম চলছে। আজ ওই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছিল, যার ফলে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
পুরো ঘটনার বিষয়ে রিপন মোল্লার ভাষ্য অনুযায়ী, আসামিকে সকালে কারাগার থেকে এনে আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। এরপর তাঁকে আদালতে তোলা হয়। হাজতখানা থেকে বের করার সময় তাঁর হাতে হাতকড়া ছিল। তাঁকে আদালতে নিয়ে আসা এবং পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। ঠিক সেই মুহূর্তেই একপর্যায়ে আসামি কৌশলে হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।