অপরিচিত কোনো শহরে বিমান থেকে নামার পর গন্তব্যে পৌঁছানো, শহরের কেন্দ্রস্থলে যাওয়ার পথ খোঁজা কিংবা ভালো খাবারের জায়গার সন্ধান পাওয়া—ভ্রমণকারীদের এই সব ঝামেলা দূর করতে নতুন এক ফিচারের প্রস্তুতি নিচ্ছে গুগল। এই বিশেষ সুবিধাটি কার্যকর হলে, বিমানবন্দরে অবতরণের পরপরই গুগল ম্যাপস ব্যবহারকারীদের স্বাগত জানিয়ে একটি বার্তা পাঠাবে। সেই বার্তার মাধ্যমেই ব্যবহারকারীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর পাশাপাশি আশেপাশের রেস্তোরাঁ এবং স্থানীয় বিভিন্ন আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। গুগল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফিচারের কথা ঘোষণা না করলেও, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড সংস্করণের কোড বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।

অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের ২৬.৪৫.০০.১০১১৭২০৯৬৮ সংস্করণের কোড খতিয়ে দেখে এই নতুন সুবিধার অস্তিত্ব পাওয়া গেছে। এই ফিচারটি চালু হলে অন্য শহরের বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যবহারকারীদের ‘আস্ক ম্যাপস’ ব্যবহারের পরামর্শ দিয়ে বার্তা পাঠাবে গুগল ম্যাপস। এর ফলে বিমানবন্দর থেকে শহরের মূল কেন্দ্রে যাওয়ার সহজ উপায় জানার পাশাপাশি, ভালো রেস্তোরাঁ বা রাতে কোথায় কী আয়োজন চলছে, তা সহজেই জানতে পারবেন পর্যটকরা। এর ফলে অপরিচিত কোনো শহরে পৌঁছে প্রয়োজনীয় তথ্যের জন্য বারবার আলাদা করে অনুসন্ধান করার প্রয়োজন হবে না; গুগল ম্যাপসের একটি বার্তার মাধ্যমেই পুরো শহর ঘোরার পরিকল্পনা সাজানো সম্ভব হবে।

অ্যান্ড্রয়েড অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী, গুগল শুধু বার্তা পাঠানোর ব্যবস্থাই করছে না, বরং ‘আস্ক ম্যাপস’-কে প্রশ্ন করার জন্য আগে থেকেই এক সেট প্রশ্ন তৈরি করে রেখেছে। এর ফলে বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট কিছু প্রশ্নের মাধ্যমে সরাসরি আস্ক ম্যাপসের সঙ্গে কথোপকথন শুরু করতে পারবেন। আস্ক ম্যাপসের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এখানে ব্যবহারকারী সাধারণ ভাষায় নিজের প্রয়োজনের কথা লিখে বিভিন্ন স্থান ও কার্যক্রম সম্পর্কে পরামর্শ পেতে পারেন। ফলে নির্দিষ্ট কোনো শব্দ বা প্রচলিত সার্চ ফিল্টার ব্যবহার না করেও নিজের পছন্দমতো তথ্য খুঁজে পাওয়া যাবে।

গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোডে ‘এয়ারপোর্ট জিওফেন্স সিঙ্ক ওয়ার্কার’ নামের একটি ব্যাকগ্রাউন্ড কম্পোনেন্টের সন্ধান পাওয়া গেছে। মূলত জিওফেন্স প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট কোনো এলাকার ভেতরে নির্দিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। ফলে গুগল ম্যাপস ব্যবহারকারী যখনই বিমানবন্দরের নির্ধারিত সীমানায় পৌঁছাবেন, স্বয়ংক্রিয়ভাবেই তাঁর ফোনে এই বিশেষ বার্তাটি পৌঁছে যাবে। ধারণা করা হচ্ছে, এই নতুন সুবিধাটি চালুর ক্ষেত্রে গুগল তাদের জেমিনাইয়ের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ প্রযুক্তিটিও ব্যবহার করতে পারে।

উল্লেখ্য যে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোড বিশ্লেষণ করে বিশ্বের ৯০টিরও বেশি বিমানবন্দরের অবস্থানের তথ্য পাওয়া গেছে। এই তালিকায় লন্ডন, নিউইয়র্ক, দুবাই, সিঙ্গাপুর, টোকিও, সিডনি, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।