আমরা সবাই একটি উন্নত স্বাস্থ্যব্যবস্থার প্রত্যাশা করি। তবে এই 'উন্নত' শব্দটির সংজ্ঞা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন হতে পারে। প্রত্যন্ত নীলকমল ইউনিয়নের কৃষক রহিম মিয়ার কাছে উন্নত স্বাস্থ্যসেবা মানে হতে পারে তার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসকের উপস্থিতি। আবার সেই চিকিৎসকের কাছে উন্নত ব্যবস্থার অর্থ হলো জরাজীর্ণ ভবন, অপর্যাপ্ত আবাসন এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দূর হওয়া। অন্যদিকে, একজন জনস্বাস্থ্যবিশেষজ্ঞের দৃষ্টিতে উন্নত স্বাস্থ্যব্যবস্থা হবে এমন একটি পরিবেশ, যেখানে চিকিৎসক অত্যন্ত সহমর্মিতার সাথে এবং পর্যাপ্ত সময় নিয়ে রোগীর চিকিৎসা করবেন। সামগ্রিকভাবে, উন্নত স্বাস্থ্যব্যবস্থা বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা রোগ প্রতিরোধে সক্ষম, অসুস্থ মানুষের সঠিক সেবা নিশ্চিত করে, চিকিৎসার ব্যয়ভার থেকে পরিবারগুলোকে রক্ষা করে এবং নাগরিকের মর্যাদা অক্ষুণ্ন রাখে। ২০৩৬ সালের বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আমরা ঠিক এই দৃষ্টিভঙ্গিতেই দেখতে চাই।

এই পরিবর্তনের সূচনা হতে হবে ‘মানুষ’ দিয়ে। বর্তমানে দেশে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর তীব্র ঘাটতি রয়েছে। এর পাশাপাশি দক্ষতার ভারসাম্যহীনতা এবং গ্রাম ও শহরের মধ্যে এক গভীর বৈষম্য বিদ্যমান। মনে রাখতে হবে, কেবল চিকিৎসকের সংখ্যা বাড়ালেই এই সমস্যার সমাধান হবে না। এর জন্য গ্রামীণ শিক্ষার্থীদের চিকিৎসা ও নার্সিং শিক্ষায় অগ্রাধিকার দিতে হবে, শহরের বাইরে মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং প্রতিটি মেডিক্যাল কলেজের সাথে নার্সিং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া দুর্গম এলাকায় কাজ করার জন্য উপযুক্ত আবাসন, বিশেষ ভাতা এবং ক্যারিয়ারে আকর্ষণীয় প্রণোদনা প্রদান করা জরুরি। স্বাস্থ্যকর্মীদের বিদেশে চলে যাওয়া হয়তো পুরোপুরি ঠেকানো সম্ভব হবে না, কিন্তু “ন্যায্য দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ বিনিয়োগ ও উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।”

নিয়োগ ও পদায়ন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন, যার প্রক্রিয়া সম্প্রতি অটোমেশনের মাধ্যমে শুরু হয়েছে। চিকিৎসক বা নার্স কোথায় কাজ করবেন, কখন বদলি হবেন কিংবা পদোন্নতি পাবেন—তা যেন কোনো তদবির বা রাজনৈতিক বিবেচনার ওপর নির্ভর না করে। বরং স্বচ্ছ নিয়ম, ব্যক্তিগত যোগ্যতা এবং প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে তা নির্ধারিত হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ স্বাস্থ্য জনবল তথ্যব্যবস্থার মাধ্যমে প্রত্যেকেই নিজের অবস্থান এবং সিদ্ধান্তের কারণ জানতে পারবেন এবং প্রয়োজনে আপিল করতে পারবেন। আরও একটি বড় উদ্ভাবন হতে পারে রোগীর ইলেকট্রনিক হেলথ রেকর্ডের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মভারভিত্তিক জনবল নির্ধারণ পদ্ধতি যুক্ত করা। এর ফলে কোথায় কতজন রোগী আসছেন, কোন সেবায় কতটুকু সময় লাগছে এবং আগামী মাসে কোথায় চাপ বাড়তে পারে—তা বিশ্লেষণ করে স্বাস্থ্য ব্যবস্থাপকরা আগেভাগেই জনবল বিন্যাস করতে পারবেন।

পুনশ্চ, দেশে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ঘাটতির পাশাপাশি রয়েছে দক্ষতার ভারসাম্যহীনতা এবং গ্রাম-শহরের গভীর বৈষম্য। শুধু চিকিৎসক বাড়ালেই এর সমাধান হবে না।

আগামী ১০ বছর পর প্রতিটি নাগরিকের জন্য একটি ইউনিক ই-হেলথ কার্ড থাকবে। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সাথে সংযুক্ত এই কার্ডটি দেশের সব হাসপাতাল, ক্লিনিক, পরীক্ষাগার এবং অনুমোদিত ফার্মেসিতে ব্যবহার করা যাবে। রোগীর সম্মতিতে চিকিৎসক তার পূর্ববর্তী পরীক্ষা, ব্যবহৃত ওষুধ, অ্যালার্জি এবং চিকিৎসার ইতিহাস দেখতে পারবেন, ফলে বারবার একই পরীক্ষা করার প্রয়োজন হবে না। অনলাইন রেফারেল এবং ফলোআপ প্রক্রিয়াও একই ব্যবস্থার আওতায় চলবে। তবে কঠোর তথ্য সুরক্ষা নিশ্চিত করা ছাড়া এমন ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না। একটি জাতীয় রিয়েলটাইম ড্যাশবোর্ডের মাধ্যমে জানা যাবে কোথায় শয্যা খালি আছে, কোথায় ওষুধের ঘাটতি হচ্ছে, অ্যাম্বুলেন্স প্রস্তুত কি না, কোন যন্ত্র অচল কিংবা কোথায় রোগীর ভিড় বাড়ছে। তথ্যের ওপর ভিত্তি করেই স্বাস্থ্য খাতের সব সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের হাতে সহজ রোগনির্ণয় যন্ত্র, টেলিমেডিসিন এবং নিরাপদ এআই-ভিত্তিক সিদ্ধান্ত সহায়তা পৌঁছে দিলে স্বাস্থ্যসেবা সরাসরি মানুষের দোরগোড়ায় যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল হেলথ প্রযুক্তি চিকিৎসকের বিকল্প হবে না, বরং তার দক্ষতা বৃদ্ধির মাধ্যম হিসেবে কাজ করবে। জাতীয় ই-প্রেসক্রিপশন পোর্টালের মাধ্যমে চিকিৎসক ব্যবস্থাপত্র লিখবেন এবং জাতীয় ফার্মেসি নেটওয়ার্কে প্রশিক্ষিত ফার্মাসিস্ট ওষুধের মাত্রা, পারস্পরিক প্রতিক্রিয়া ও ব্যবহার যাচাই করে তা রোগীর হাতে পৌঁছে দেবেন। প্রেসক্রিপশন অডিট এবং অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপের মাধ্যমে অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার কমানো সম্ভব হবে। এছাড়া সরকারি ওষুধের মজুত নাগরিকেরা অনলাইনে দেখতে পারবেন।

রোগনির্ণয়ের ক্ষেত্রে আস্থা ফিরিয়ে আনতে প্রতিটি পরীক্ষাগারের লাইসেন্স, বিশেষজ্ঞ তত্ত্বাবধান এবং নিয়মিত মান যাচাই নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত এলাকার নমুনা আঞ্চলিক রেফারেন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে ডিজিটাল রিপোর্ট প্রদান করা যাবে। বাংলাদেশকে ওষুধের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম এবং আধুনিক টিকা গবেষণা ও উৎপাদনে স্বাবলম্বী হতে হবে। বিশেষ করে বাংলাদেশ হয়ে উঠবে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে টিকা উৎপাদনের অন্যতম প্রধান উৎস।

ভবিষ্যতের জন্য প্রয়োজন ব্যক্তির জন্য কাস্টোমাইজড চিকিৎসা সক্ষমতা, যা প্রিসিশন মেডিসিন নামে পরিচিত। এই পদ্ধতিতে জেনেটিকসের সাথে এআই সমন্বয় করে জিনগত বৈশিষ্ট্য, জীবনযাপন এবং স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে চিকিৎসাকে আরও নিখুঁত করা যায়। বিশেষ করে ভবিষ্যতে ক্যানসারসহ বয়োবৃদ্ধিজনিত অসংক্রামক রোগের বিস্তার ঘটলে প্রিসিশন মেডিসিনের মাধ্যমে ক্যানসারের সুনির্দিষ্ট চিকিৎসা, বংশগত রোগ শনাক্তকরণ এবং কোন রোগীর শরীরে কোন ওষুধ কত মাত্রায় কার্যকর হবে, তা বোঝা সহজ হবে। তবে প্রযুক্তির মোহে যেন প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব হারিয়ে না যায়। জনগণের সম্মতি, জিনগত তথ্যের গোপনীয়তা এবং ধনী-দরিদ্রের সমান সুযোগ নিশ্চিত করেই এসব প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে।

স্বাস্থ্যসেবা মানে কেবল অসুস্থ হলে চিকিৎসা নয়। ২০১৮ সালের আস্তানা ঘোষণাপত্রের আলোকে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রয়োজন কমিউনিটির অংশগ্রহণ, সমন্বিত চিকিৎসা এবং শিক্ষা, খাদ্য ও পরিবেশসহ বিভিন্ন খাতের সহযোগিতা। রোগ প্রতিরোধ, পুনর্বাসন এবং জীবনের শেষ সময়ে মর্যাদাপূর্ণ উপশমমূলক সেবাকেও সমান গুরুত্ব দিতে হবে। প্রতিটি হাসপাতালে রোগীর অধিকার সনদ, চিকিৎসার মান যাচাইয়ের চেকলিস্ট, ক্লিনিক্যাল অডিট এবং অভিযোগ প্রতিকারের ব্যবস্থা থাকবে। একটি স্বাধীন অ্যাক্রেডিটেশন কর্তৃপক্ষ সেবার মান প্রকাশ করবে। স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব সুস্পষ্ট হবে এবং ভিত্তিহীন অভিযোগ ও সহিংসতা থেকে তাঁরা সুরক্ষা পাবেন।

বাংলাদেশের স্বাস্থ্য ব্যয়ের একটি বিশাল অংশ (৭৯ শতাংশ) এখনো রোগীকে নিজের পকেট থেকে বহন করতে হয়। ফলে অসুখ মানেই বহু পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা।

জরুরি চিকিৎসায় পরিবর্তন আরও দৃশ্যমান হতে হবে। ৯৯৯-এর সাথে সংযুক্ত প্রশিক্ষিত মেডিক্যাল ডিসপ্যাচার, জীবনরক্ষাকারী সরঞ্জাম ও প্যারামেডিকসহ অ্যাম্বুলেন্স, হাসপাতালে ট্রিয়াজ এবং শয্যার রিয়েলটাইম তথ্য—সব মিলিয়ে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্কুল ও জনসমাগমস্থলে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর শেখানো হবে এবং আকস্মিক হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু কমাতে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি) মেশিন মজুত রাখা হবে। মহামারি ও দুর্যোগ মোকাবিলায় রোগ নজরদারি, জীবাণুর জিনোম বিশ্লেষণ এবং বর্জ্যপানি পরীক্ষার মাধ্যমে আগাম সতর্কতা ব্যবস্থা তৈরি হবে।

তবে এই উদ্যোগগুলো সফল হতে হলে নীতি প্রণয়ন, সেবা প্রদান এবং মূল্যায়নকারী কর্তৃপক্ষ আলাদা হতে হবে। দায়িত্বের প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ প্রয়োজন: মন্ত্রণালয় নীতি নির্ধারণ করবে, সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা পরিচালনা করবে এবং একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা মান যাচাই করবে। অর্থায়ন সংস্থাটি পুরোপুরি অর্থ মন্ত্রণালয়-নির্ভর না হয়েই অর্থ ছাড় করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আইনগত স্বাধীনতাসম্পন্ন হেলথ পলিসি অ্যান্ড সিস্টেমস রিসার্চ অ্যান্ড ইভাল্যুয়েশন ইনস্টিটিউট বা এইচপিএসআরইআই গড়ে তোলা হবে; যা আমলাতন্ত্রের বাইরে গবেষণা, নীতি, বাস্তবায়ন ও মূল্যায়নের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। বিদ্যমান গবেষণাপ্রতিষ্ঠানগুলোর কাজ সমন্বয় করে এই প্রতিষ্ঠানটি দেখবে কোন সংস্কার কার্যকর হচ্ছে এবং কেন হচ্ছে না। প্রতিষ্ঠানটি ফলাফল প্রকাশ করবে এবং সংশোধনের পথ দেখাবে।

স্বাস্থ্য প্রশাসনের সংস্কারও অত্যন্ত জরুরি। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসাসেবা, স্বাস্থ্য প্রশাসন ও জনস্বাস্থ্য এবং চিকিৎসা গবেষণা ও শিক্ষার জন্য সুস্পষ্ট পৃথক ক্যারিয়ার ট্র্যাক থাকতে হবে। প্রতিটি ট্র্যাকে কাজের বিবরণ, মূল্যায়নের মানদণ্ড এবং পেশাগত অগ্রগতির ধাপ স্পষ্ট হবে। সরকারি ক্রয় ও ব্যয়ের তথ্য প্রকাশ, নাগরিক পর্যবেক্ষণ এবং নিরাপদ অভিযোগ ব্যবস্থার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমাতে হবে। চিকিৎসাগত অবহেলার নিরপেক্ষ তদন্ত ও সময়মতো প্রতিকার যেমন জরুরি, তেমনি রোগীর মৃত্যু বা জটিলতা ঘটলেই চিকিৎসককে অপরাধী ধরে নেওয়া চলবে না। রোগী ও সেবাদানকারী উভয়ের অধিকার সুরক্ষার জন্য ন্যায়সংগত আইন ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো অর্থায়ন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ (৭৯ শতাংশ) এখনো রোগীকে নিজের পকেট থেকে দিতে হয়। ফলে অসুখ মানেই বহু পরিবারের সঞ্চয় শেষ হওয়ার আশঙ্কা। শুধু বাজেট বাড়ানো নয়, সরকারি আর্থিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ, সময়মতো ছাড়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুরক্ষিত বাজেট এবং ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তামাক ও ক্ষতিকর পণ্যের ওপর সিন ট্যাক্সসহ ইনোভেটিভ হেলথ ফাইন্যান্সিং ব্যবস্থা করা হবে।

থাইল্যান্ড ও যুক্তরাজ্যের মতো আধুনিক দেশগুলোর আদলে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা তহবিল এবং পৃথক স্বাস্থ্যসেবা ক্রয় কর্তৃপক্ষ গঠন করতে হবে। সরকার কেবল হাসপাতালকে অর্থ দেবে না, বরং জনগণের পক্ষে যাচাই করে মানসম্মত সেবা ক্রয় করবে। প্রাথমিক চিকিৎসায় নিবন্ধিত জনপ্রতি অর্থ বরাদ্দ, হাসপাতালে রোগভিত্তিক প্যাকেজ এবং দরিদ্রদের জন্য করভিত্তিক সুরক্ষা চালু হবে। ধাপে ধাপে একটি সমন্বিত জাতীয় অর্থায়নব্যবস্থায় যেতে হবে, যেখানে চিকিৎসার খরচ কাউকে নিঃস্ব করবে না। প্রথম ধাপে মাতৃস্বাস্থ্য, জরুরি চিকিৎসা ও অপরিহার্য ওষুধের জন্য নির্দিষ্ট সুরক্ষা প্যাকেজ চালু করা যেতে পারে। পরবর্তীতে ক্যানসার, কিডনির রোগ ও স্ট্রোকের মতো ব্যয়বহুল চিকিৎসায় জাতীয় তহবিলের সহায়তা বাড়ানো হবে।

তবে স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন মানে কেবল হাসপাতাল, চিকিৎসক, প্রযুক্তি বা অর্থের জোগান বাড়ানো নয়। মানুষকেও এই পরিবর্তনের অংশীদার করতে হবে। কমিউনিটি তাদের এলাকার সেবার পরিকল্পনা ও মূল্যায়নে কথা বলবে। ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও অন্যান্য অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও সাধারণ পরিচর্যার জন্য রোগীশিক্ষার ব্যবস্থা থাকবে। পরিবারগুলো খাদ্যাভ্যাস, শরীরচর্চা, তামাক বর্জন ও ওষুধ নিয়মিত খাওয়ার গুরুত্ব জানবে। স্কুল, কর্মক্ষেত্র ও কমিউনিটিতে স্বাস্থ্যবান্ধব আচরণকে সহজ করতে হবে।

২০৩৬ সালে স্বাস্থ্য খাতের সাফল্য আমরা ঝলমলে হাসপাতালের উপস্থিতি দিয়ে মাপব না; বরং মাপব প্রতিরোধযোগ্য মৃত্যু কত কমল, গ্রাম-শহরের ব্যবধান কতটা ঘুচল, নিজের পকেট থেকে চিকিৎসা ব্যয় কতটা নামল এবং মানুষের আস্থা কতটা ফিরল, তা দিয়ে। নীলকমলের রহিম মিয়াকে যেন চিকিৎসা পাওয়ার জন্য সর্বস্ব হারানোর ভয় পেতে না হয়; সেখানে কাজ করা চিকিৎসকও যেন সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে সেবা দিতে পারেন।

তৌফিক জোয়ার্দার: সহযোগী অধ্যাপক, ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুল, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর