রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি নামের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে পল্লবী থানা পুলিশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। তবে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এর আগে রাজধানীর ফার্মগেট এলাকাতেও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমবার সন্ধ্যায় এই সবকটি ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্যানুযায়ী, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এই সময়ের মধ্যে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়। ডিএমপি জানিয়েছে, গত তিন দিনে এসব ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরে সাভার, বরগুনা ও গাজীপুর এলাকাতেও পাঁচটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যবর্তী সময়ে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় গেটসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।