একজন ব্যাটসম্যান যখন বারবার একই ভুল করতে থাকেন, তখন কোচের সামনে এক কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়। বিশেষ করে যখন সেই ব্যাটসম্যান অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে বারবার ব্যাটের কানায় লাগিয়ে আউট হতে থাকেন এবং প্রতিপক্ষের বোলাররা সেই দুর্বলতা ধরে ফেলেন। এমন পরিস্থিতিতে কোচের সামনে দুটি পথ থাকে—হয় ভুলটি ধরিয়ে দেওয়া, অথবা তারকা ব্যাটসম্যানের মেজাজ বুঝে চুপ থাকা।
বিরাট কোহলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়াটা আরও বেশি জটিল ছিল। কারণ তিনি কেবল একজন দক্ষ ব্যাটসম্যানই নন, বরং ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় তারকা। তাঁকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন হয় যথেষ্ট সাহস, সঠিক মুহূর্তের অপেক্ষা এবং কথা বলার উপযুক্ত ভাষা। অস্ট্রেলিয়া সফরের সময় কোহলির ব্যাটিংয়ে যখন মন্দাভাব চলছিল, তখন এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় দলের সাবেক সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। তাঁর মতে, কোহলির সঙ্গে সেই আলোচনা শুরু করার আগে তাঁকে বেশ কিছুটা সাহস সঞ্চয় করতে হয়েছিল।
সম্প্রতি টকস্পোর্ট ক্রিকেট পডকাস্টে কথা বলার সময় টেন ডেসকাট উল্লেখ করেন যে, আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের ক্ষমতা ও প্রভাব অনেক বেড়ে যাওয়ায় অনেক কোচই এখন তারকা ক্রিকেটারদের ভুল ধরিয়ে দিতে দ্বিধা বোধ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, অনেক কোচই কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে ভয় পান। কারণ, সেটাকে এমনভাবে দেখা হতে পারে যে আপনি নিজের চাকরির যৌক্তিকতা প্রমাণ করতে চাইছেন, কিংবা অযথা হস্তক্ষেপ করছেন, অথবা শুধু বলার জন্যই বলছেন। একজন খেলোয়াড়কে সাহায্য করবে এমন পরামর্শ দেওয়া আর তাকে বিভ্রান্ত করে ফেলার মধ্যে ভারসাম্য রাখতে হবে।’
নেদারল্যান্ডের সাবেক এই ক্রিকেটার জানান, কোচ হিসেবে তিনি অন্য কারও প্রতিক্রিয়ার ভয়ে সঠিক কথা বলতে পিছিয়ে থাকতে চান না। অস্ট্রেলিয়া সফরের চতুর্থ টেস্টে কোহলির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন ডেসকাট। তিনি লক্ষ্য করেছিলেন যে, কোহলি বারবার অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে আউট হচ্ছেন। শেষ পর্যন্ত সাহস করে তিনি কোহলির সঙ্গে কথা বলেন এবং ফলটি ছিল ইতিবাচক। টেন ডেসকাট বলেন, ‘চতুর্থ টেস্টে আমি তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সে বিষয়টি সহজভাবে নিয়েছিল। আসলে সে নিজেও চাইছিল, কেউ তার সঙ্গে এ বিষয়ে কথা বলুক।’
তবে কোহলির মতো একজন ব্যক্তিত্বের সঙ্গে এ ধরনের আলোচনা কতটা স্পর্শকাতর, তা জানতেন ডেসকাট। তাঁর মতে, কোনো তারকা খেলোয়াড়ের ভুল সরাসরি ধরিয়ে দেওয়া একজন কোচের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি বলেন, ‘আমার মনে হয়, বিরাট কোহলির মতো একজন খেলোয়াড়ের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলা এবং কী ঘটছে, সেটি প্রায় সরাসরি ধরিয়ে দেওয়া একজন কোচের জন্য বিপজ্জনক হতে পারে। কীভাবে কথাটা বলছেন, কীভাবে বিষয়টি তুলে ধরছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ।’
টেন ডেসকাট আরও মনে করিয়ে দেন যে, কোচের কাজ খেলোয়াড়কে তাঁর নিজস্ব শৈলী থেকে দূরে সরিয়ে নেওয়া নয়। কোহলি কেন ওই নির্দিষ্ট শটটি খেলতে চাইছেন, তা আগে বোঝার চেষ্টা করেছিলেন তিনি। ডেসকাটের ভাষায়, ‘আপনাকে একমত হতেই হবে, এমন নয়। একজন খেলোয়াড় বলতে পারে, এই কারণগুলোতে আমি বল বাউন্স করার আগেই ড্রাইভ করতে চাই। বিরাটের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। সে কেন ওইভাবে খেলতে চায়, তা বিস্তারিত বুঝিয়েছিল। এরপর সেই অনুযায়ী কিছু পরিবর্তন আনা যায়।’
সময় নির্বাচনকেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ভুল সময়ে টেকনিক নিয়ে কথা বললে ব্যাটসম্যানের আত্মবিশ্বাস ও মনোযোগ নষ্ট হতে পারে, বিশেষ করে যখন সামনে মিচেল স্টার্কের মতো বিধ্বংসী বোলার থাকেন। এই বিষয়ে তিনি বলেন, ‘সব সময় একটা ঝুঁকি থাকে, আপনি হয়তো তার মানসিক অবস্থা নষ্ট করে দিতে পারেন। ধরুন, সে খুব ভালো অবস্থায় আছে। এখন আপনি গিয়ে বললেন, পুল করার সময় সে বলের ওপর থেকে চোখ সরিয়ে নিচ্ছে। টেকনিক্যালি আপনি হয়তো চাইছেন, সে আরেকটু বেশি সময় বলের দিকে তাকিয়ে থাকুক। কিন্তু এখন সে পুল শট নিয়ে ভাবতে শুরু করল। এরপরই তাকে গিয়ে মিচেল স্টার্কের বল খেলতে হবে। সেটা এমন কথা বলার সময় নয়।’
কোহলির সঙ্গে এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবছিলেন টেন ডেসকাট। দুজনের মধ্যে সুসম্পর্ক থাকায় তিনি বৃষ্টির বিরতির সময়টিকে আলোচনার উপযুক্ত সুযোগ হিসেবে বেছে নেন। সরাসরি সমালোচনা না করে কৌশলে কথা বলার চেষ্টা করেন তিনি। তাঁর কথায়, ‘আমি তাকে গিয়ে বলতে চাইনি, তোমার কভার ড্রাইভ তো সব এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু পরে একটা সময় বের করেছিলাম। বৃষ্টির বিরতির সময়। এমনভাবে কথাটা বলেছিলাম, যাতে সেটি সংঘাতের মতো না শোনায়। কৃতিত্ব বিরাটের। সে যেভাবে বিষয়টি নিয়েছিল, তাতে দারুণ একটা আলোচনা হয়েছিল।’
যদিও সেই আলোচনার পর অস্ট্রেলিয়া সফরের শেষ দিকে প্রত্যাশিত ফলাফল আসেনি, তবুও কোহলির মতো তারকার সঙ্গে কথা বলার অভিজ্ঞতাকে বড় শিক্ষা হিসেবে দেখছেন ডেসকাট। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সিরিজের শেষ দিকে আমরা যে ফল চেয়েছিলাম, তা পাইনি। তবে আমার মনে হয়, বিরাটের মতো একজন খেলোয়াড়কে যদি কথাটা বোঝাতে পারেন, তাহলে যে কাউকেই বোঝাতে পারবেন। নিজের বার্তাটা কীভাবে পৌঁছে দিচ্ছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’