পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণ কর্মসূচি চলাকালীন চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে বিরোধের এক পর্যায়ে ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা একটি টিনশেড ঘর ভেঙে সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে গেছে বলে জানা গেছে।

আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পরপরই উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রবীর কুমার পাল। সার সংগ্রহের জন্য আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে সেখানে মজুত থাকা সার নিয়ে চলে যান। এই বিশৃঙ্খলার কারণে সার বিতরণ কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত হয়।

ঘটনার পর সারের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ওই টিনশেড ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা হয়েছিল এবং বর্তমানে সেখানে ৪০০ বস্তা সার অবশিষ্ট রয়েছে। হিসাব অনুযায়ী, বাকি ৬১১ বস্তা সার লুট করা হয়েছে।

এই ঘটনার বিষয়ে ডিলার প্রবীর কুমার পালের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তাঁর চাচা সঞ্জিত পালের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘ঘটনার পর আমার ভাতিজা অনেকটা ভীত হয়ে পড়েছে। এ কারণে সে মুঠোফোন বন্ধ করে রেখেছে।’

এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে যারা অবৈধভাবে সার নিয়ে গেছেন, তাদের সেগুলো ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।’

চাটমোহর থানার ওসি ওলিউর রহমান জানান, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।