পাবনার চাটমোহর উপজেলার আটলংকা দক্ষিণ সেনগ্রামে পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুই শিশু ডুবে মারা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)। স্বজনদের জানান, শনিবার বিকেলে প্রতিবেশী ও সমবয়সী হুজাইফা ও মাহফুজ জনু মেম্বর নামের এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর পুকুর থেকে তাদের মরদেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, "একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা অত্যন্ত কষ্টদায়ক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।"