আইনিভাবে এখনো গাড়ির স্টিয়ারিং ধরার বয়স হয়নি তাঁর। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও তিন বছর। তবে ক্রিকেট মাঠে ঝড় তোলা বৈভব সূর্যবংশীর সাফল্যের গতি যেন বয়সের ক্যালেন্ডার মানছে না। যে বয়সে অনেকে কেবল মোটরবাইক চালানোর স্বপ্ন দেখেন, সেই বয়সেই একের পর এক দামী গাড়ি জায়গা করে নিচ্ছে তাঁর গ্যারেজে।

সেই সংগ্রহে সর্বশেষ যুক্ত হয়েছে টাটা সিয়েরা। ২০২৬ আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ হওয়ার পুরস্কার হিসেবে গাড়িটি পেয়েছেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান। গতকাল পরিবারের সদস্যদের সঙ্গে টাটার শোরুমে গিয়ে গাড়িটির ডেলিভারি নেন তিনি। এই বিশেষ মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন মা-বাবা ও ভাই।

টাটা সিয়েরা হলো সূর্যবংশীর সংগ্রহ করা তৃতীয় গাড়ি। এর আগে তাঁর সংগ্রহে ছিল টাটা কার্ভ ইভি এবং একটি মার্সিডিজ-বেঞ্জ। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক হওয়া সূর্যবংশী ২০২৫ আইপিএলে ২০৬.৫৬ স্ট্রাইক রেটে করেন ২৫২ রান। কমপক্ষে ১০০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে তাঁর স্ট্রাইক রেট ছিল সর্বোচ্চ। এই অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি হয়েছিলেন ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’। পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন টাটা কার্ভ ইভি। উল্লেখ্য, এই গাড়িটি তিনি তাঁর মাকে উপহার দেওয়ার কথা জানিয়েছিলেন।

তাঁর সংগ্রহে থাকা অন্য গাড়িটি হলো মার্সিডিজ-বেঞ্জ। ২০২৫ আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করার পর রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রঞ্জিত বরঠাকুর তাঁকে গাড়িটি উপহার দেন। তবে গাড়িটির সুনির্দিষ্ট মডেল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

২০২৬ আইপিএলেও ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সূর্যবংশী। ১৬ ম্যাচে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে তিনি করেছেন মোট ৭৭৬ রান। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি জিতেছেন অরেঞ্জ ক্যাপ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার। পাশাপাশি তিনি পেয়েছেন ইমার্জিং প্লেয়ার, সুপার সিক্সেস ও সুপার স্ট্রাইকার অব দ্য সিজনের স্বীকৃতি। সব মিলিয়ে এক আসরে পাঁচটি ব্যক্তিগত পুরস্কার জেতা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

একের পর এক গাড়ি পাওয়ার পাশাপাশি ক্রিকেট মাঠেও বেশ কিছু বড় রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ২০২৫ সালে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি পুরুষদের টি-টুয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রান করে ভারতকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা পালন করেছেন তিনি; সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

একই বছর ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে তাঁর। আর সর্বশেষ আইপিএলে ৭২টি ছক্কা মেরে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

তবে এত সব রেকর্ড আর সেই সূত্রে একাধিক দামী গাড়ির মালিক হলেও আপাতত চালকের আসনে বসার সুযোগ নেই সূর্যবংশীর। ভারতের আইন অনুযায়ী, ব্যক্তিগত গাড়ি চালানোর লাইসেন্স পেতে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হয়। ফলে স্টিয়ারিং হাতে নিতে তাঁকে আরও তিন বছর অপেক্ষা করতে হবে।