সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার আওতায় প্রাথমিক স্তরে, বিশেষ করে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষা, মৌখিক যাচাই কিংবা প্রতিযোগিতামূলক ভর্তি মূল্যায়নের বিধানটি স্থগিত করতে চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আবেদনকারী হয়ে আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন।

গত ১৩ অক্টোবর ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়ন করা হয়। এই নীতিমালার ৬.২ বিধিতে ‘লিখিত পরীক্ষা: ২য়-৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি’ সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে। রিট আবেদনকারী আইনজীবী মো. মাহমুদুল হাসান জানান, মূলত প্রাথমিক স্তরে এই ধরনের ভর্তি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক মূল্যায়নের বৈধতাকে চ্যালেঞ্জ করেই এই রিট করা হয়েছে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “হাইকোর্টে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।”

আবেদনে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। রিটের প্রার্থনায় উল্লেখ করা হয়েছে যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত, প্রকাশিত ও অনুমোদিত সরকারি পাঠ্যপুস্তকের বাইরে প্রাথমিক স্তরে কোনো অতিরিক্ত, বেসরকারি, সহায়ক বা বোর্ডবহির্ভূত পাঠ্যবই, অনুশীলন বই, ব্যাকরণবিষয়ক নির্দেশিকা কিংবা সম্পূরক শিক্ষাসামগ্রী নির্ধারণ, প্রণয়ন, সুপারিশ, বিক্রি, বিতরণ বা শিক্ষার্থীদের তা কিনতে বাধ্য করা থেকে বিরত রাখার নির্দেশনা দেওয়া হোক।

এই রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষাসচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), প্রাথমিক ও গণশিক্ষাসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে।

রিট আবেদনকারীর দাবি, ১৯৯০ সালের প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বিনা বাধায় ভর্তি হওয়া প্রতিটি শিশুর নিরঙ্কুশ আইনি অধিকার। তবে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ এর মাধ্যমে কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করা হচ্ছে, যা মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এখতিয়ারবহির্ভূত বলে তিনি মনে করেন।

আবেদনকারীর অভিযোগ, ২০১৮ সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইনের নিষেধাজ্ঞা অমান্য করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্যিক প্রকাশনীগুলোর সঙ্গে অনৈতিক যোগসাজশে এনসিটিবি অনুমোদিত বোর্ড বইয়ের বাইরে শিশুদের কাঁধে অতিরিক্ত সহায়ক বই ও গাইডের বিশাল বোঝা চাপিয়ে দিচ্ছে। তাঁর ভাষ্যমতে, এই অমানবিক মানসিক চাপ এবং অতিরিক্ত বইয়ের ভারে শিশুদের মেরুদণ্ডের ক্ষতিসহ শারীরিক সুস্থতা ও চিন্তা করার ক্ষমতা অঙ্কুরে বিনষ্ট হচ্ছে।

উল্লেখ্য, এর আগে দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখার নির্দেশনা চেয়ে ৭ অক্টোবর একটি রিট করা হয়েছিল। লটারি পদ্ধতি বাতিলসংক্রান্ত ১৬ মার্চের স্মারকের বিরুদ্ধে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ আবেদনকারী হয়ে সেই রিটটি করেন। তবে ১৪ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।