তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাবনা দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। একই সঙ্গে নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের ক্ষেত্রে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শ্রমিকপক্ষের এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই সভা শেষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার তাঁদের প্রস্তাবের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, “চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।”

এদিকে, সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তারা তা করতে পারেনি। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন জানান, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কারখানার কার্যক্রমে অধিক মনোযোগ দিতে হচ্ছে মালিকদের। ফলে মজুরির প্রস্তাবনা চূড়ান্ত করতে তাঁদের আরও সময়ের প্রয়োজন। এই কারণে তাঁরা সাত কার্যদিবসের সময় চাইলেও বোর্ডের সবার সম্মতিক্রমে তাঁদের চার দিন সময় দেওয়া হয়েছে। আগামী চার কর্মদিবসের মধ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাব বোর্ডকে জমা দেবে।

মালিকপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি স্পষ্টভাবে বলেন, “আগামী সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলেও আমরা সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যাব। তাদের প্রস্তাবের জন্য বসে থাকব না।”

চেয়ারম্যান আরও জানান, সভায় সর্বসম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত, শ্রমিকদের প্রকৃত অবস্থা এবং তাঁদের প্রত্যাশা সরাসরি জানার লক্ষ্যে চলতি সপ্তাহের মধ্যেই বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে সব শ্রেণির পোশাক কারখানা পরিদর্শন করবেন। দ্বিতীয়ত, মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচকগুলো পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। এই কাজে প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করতে পারবেন।

ব্রিফিংয়ে চেয়ারম্যানসহ মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আশ্বস্ত করেন যে, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাঁদের ভাষ্যমতে, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে এবং শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহেই বর্ধিত মজুরি হাতে পাবেন।