পিকনিক বা শিক্ষাসফরের আনন্দ যেন আর কারো জন্য শেষ যাত্রা হয়ে না দাঁড়ায়—এমনটাই প্রত্যাশা। সম্প্রতি পিকনিক পার্টিতে দুর্ঘটনার খবর একের পর এক সামনে আসতে শুরু করেছে। গত ৭ নভেম্বর কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন খুনি বটতল বা রেলবিট এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বাসটি কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। জানা গেছে, বুড়িচংয়ের বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই বাসটিতে করে শিক্ষাসফরে যাচ্ছিলেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং অপর এক শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)। এছাড়া আহত প্রায় ৩০ জনের চিকিৎসা চলছে এবং বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানুয়ারিতে শবে বরাত, ফেব্রুয়ারিতে রোজা আর ডিসেম্বরে পরীক্ষার চাপ—সব মিলিয়ে এখন পিকনিকের মৌসুম। অক্টোবর মাস থেকেই বিভিন্ন প্রান্তে বাস, পিকআপ ও ভ্যান ছুটছে। তবে উদ্বেগের বিষয় হলো, পিকনিকে যাওয়া-আসার পথে কিংবা গন্তব্যে শিক্ষার্থীদের প্রাণহানি এখন যেন এক ‘রিয়েলিটি’। মনে হচ্ছে, সমাজ ও কর্তৃপক্ষ এই পরিস্থিতি মেনে নিয়েছে এবং এ নিয়ে কারও তেমন মাথাব্যথা নেই।
কয়েক বছর আগে এই ধরনের দুর্ঘটনা নিয়ে ব্যাপক গণআকোহের পর শিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। সেখানে পিকনিক ও শিক্ষাসফরের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিনির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষাসফরে গিয়ে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৫ নভেম্বর চাঁদপুরের কচুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিন শিক্ষার্থী নিহত হন, যদিও এটি সরাসরি পিকনিক দুর্ঘটনা কি না তা নিশ্চিত নয়। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি শেরপুরের শ্রীবরদীতে পিকনিক থেকে ফেরার পথে গাড়ি খাদে পড়ে দুই স্কুলশিক্ষার্থী প্রাণ হারান। একই বছরের ১৮ মার্চ চাঁদপুরের মতলব উত্তরে নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যান ঢাকার নাভারুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী টুটুল হাসান নয়ন।
বিশেষত ২০২২ সালের ২৯ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা থেকে ফেরার পথে একটি কোচিং সেন্টারের মাইক্রোবাস রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পড়লে ১১ জন নিহত হন, যাঁদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী ও শিক্ষক। এই ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ।
২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জের কাশিয়ানীতে যশোরের বাকড়ি বহুমুখী বিদ্যালয়ের শিক্ষাসফরের বাস গাছের সঙ্গে ধাক্কা খেলে শিক্ষক ও অভিভাবকসহ দুজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হন। ২০২৪ সালের ২ মার্চ ঢাকার পূর্বাচলে পিকনিকের দোতলা বাস আন্ডারপাসে আটকে দুর্ঘটনায় ১২ বছর বয়সী এক শিশু নিহত এবং অন্তত ২২ জন আহত হয়। একই বছরের ২৩ নভেম্বর গাজীপুরের শ্রীপুরে আইইউটির পিকনিকের বাস উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মারা যান। ২২ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসফরের বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে মিনিবাসের দুই যাত্রী নিহত হন।
সাম্প্রতিক সময়ে ২০২৫ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাইয়ে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের পিকনিকের বাস দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হন। আর ২২ ফেব্রুয়ারি জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকের বাসের জানালা দিয়ে বাইরে তাকানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম নিহত হয়।
মিরসরাইয়ের ১১ জনের মৃত্যুর ঘটনাটি যেমন গুরুত্ববহ, তেমনি আইইউটির দুর্ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু বাসের ফিটনেস বা চালকের দক্ষতাই যথেষ্ট নয়; রাস্তার উপযুক্ততা, বিদ্যুতের তারের উচ্চতা এবং বাসের উচ্চতার বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি।
সর্বশেষ দুর্ঘটনার বিষয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, রাত ১০টায় যাত্রা শুরু করে ভোর ৪টায় দুর্ঘটনার শিকার হওয়ায় চালকের মধ্যে দীর্ঘ রাতের যাত্রাজনিত ক্লান্তি বা তন্দ্রা কাজ করে থাকতে পারে। এছাড়া বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল কি না, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এসব কি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি কথিত শিক্ষাসফরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা?
এই ঘটনার পর কিছু জরুরি প্রশ্নের উত্তর খোঁজা প্রয়োজন। শুক্রবার রাত ১০টায় যাত্রা শুরু করে ভোর ৪টায় দুর্ঘটনার শিকার হওয়ার ক্ষেত্রে দীর্ঘ রাতের যাত্রা চালকের ক্লান্তির ঝুঁকি বাড়িয়েছিল কি না, চালকের বিশ্রাম ও কর্মঘণ্টা যাচাই করা হয়েছিল কি না, বাসের ফিটনেস ও যাত্রী ধারণক্ষমতা ঠিক ছিল কি না, সফরের জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছিল কি না এবং একই সফরে থাকা অন্য বাসটির চালক ও শিক্ষকদের বক্তব্য কী—এসব বিষয় তদন্তে আসা প্রয়োজন।
এই দুর্ঘটনাটি ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র বাস্তবায়ন নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও রাতভর যাত্রা এবং ভোরে গন্তব্যে পৌঁছানোর মতো ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনা এখনো বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক তদন্তের পাশাপাশি জাতীয় পর্যায়ে পিকনিক ও শিক্ষাসফরকেন্দ্রিক দুর্ঘটনার একটি তথ্যভান্ডার গড়ে তোলা প্রয়োজন।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারির পরিপত্রে বলা হয়েছে, জেলা পর্যায়ের সফরের জন্য জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ের সফরের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিতে হবে। অনুমতি দেওয়ার আগে যানবাহনের ফিটনেস ও চালকের লাইসেন্স যাচাই করতে হবে। সফরের আগে শিক্ষার্থীদের ভ্রমণস্থল সম্পর্কে ধারণা দিতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের লিখিত সম্মতি নিতে হবে। সফরে এক বা একাধিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে সঙ্গে থাকতে হবে। চালক নিরাপদ গতিতে গাড়ি চালাচ্ছেন কি না, তা শিক্ষকদের নজরে রাখতে হবে। এ ছাড়া সফরের আগে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে এবং ভ্রমণস্থলের নিরাপত্তাসংক্রান্ত স্থানীয় বিধিবিধান অনুসরণ করতে হবে।
২০১৭ সালের পরিপত্রটি প্রয়োজনীয় হলেও বর্তমান বাস্তবতায় তা যথেষ্ট নয়। তাই একটি জাতীয় শিক্ষার্থী শিক্ষাসফর ও বনভোজন নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করা উচিত, যেখানে অন্তত নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে:
ক. শিক্ষার্থীদের বয়স অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত নির্ধারণ করতে হবে।
খ. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দূরবর্তী পিকনিকস্থলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করতে হবে।
গ. রাতের যাত্রা এবং রাত ১০টার পর শিক্ষার্থী পরিবহন নিরুৎসাহিত করতে হবে অথবা এ ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করতে হবে।
ঘ. শুধু বাসের ফিটনেস নয়, সফরের নির্ধারিত রুট ও রাস্তার উপযুক্ততাও যাচাই করতে হবে।
ঙ. নদী, সমুদ্র, ঝরনা ও জলাশয়ের কাছে পিকনিক বা শিক্ষাসফরের ক্ষেত্রে লাইফগার্ড ও উদ্ধার সরঞ্জাম রাখা বাধ্যতামূলক করতে হবে।
চ. প্রতিটি সফরে প্রশিক্ষিত প্রাথমিক চিকিৎসাকর্মী ও ফার্স্ট এইড বক্স রাখতে হবে।
ছ. শিক্ষার্থীদের বাসে ওঠানামা ও উপস্থিতি গণনার জন্য নির্দিষ্ট পদ্ধতি চালু করতে হবে।
জ. জরুরি যোগাযোগ, নিকটবর্তী হাসপাতাল এবং প্রয়োজন হলে রোগী স্থানান্তরের (রেফারেল) আগাম পরিকল্পনা রাখতে হবে।
ঝ. দুর্ঘটনা ঘটলে বাধ্যতামূলকভাবে প্রতিবেদন তৈরি ও তদন্তের ব্যবস্থা করতে হবে।
ঞ. এসব নির্দেশনা অমান্য করলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সফরের আয়োজকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে; পিকনিককে শুধু আনন্দ আয়োজন হিসেবে দেখলে চলবে না। এটি বিদ্যালয়ের দায়িত্বে শিক্ষার্থীদের নিয়ে বাইরে যাওয়ার একটি কার্যক্রম। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার দায় শিক্ষাপ্রতিষ্ঠান ও আয়োজকদের ওপর স্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন।
—গওহার নঈম ওয়ারা
লেখক, গবেষক ও শিশু অধিকারকর্মী; ইমেইল: [email protected]
(মতামত লেখকের নিজস্ব)