একটি অসাধারণ সেভ কখনো কখনো একটি ট্রফির সমান হয়ে দাঁড়ায়। ম্যাচের ৯৭ মিনিটে নুবলেনসের নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়ে ভোজিনিয়া যখন মাঠের লড়াইয়ে টিকে থাকলেন, তখন কেবল একটি ম্যাচের জয় নিশ্চিত হয়নি, বরং নিশ্চিত হয়ে গেল কোলো কোলোর শিরোপাও। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপারের হাতে এখন চিলির শীর্ষ লিগের ট্রফি। বিশ্বকাপের আলোঝলমলে মঞ্চের পর এবার ক্লাব ফুটবলের শিরোপা-উৎসবের সাক্ষী হলেন তিনি। ভোজিনিয়ার বর্ণিল ফুটবল জীবনের গল্পে যুক্ত হলো আরও একটি স্মরণীয় অধ্যায়।
রোববার নুবলেনসের মাঠে ২-১ গোলের নাটকীয় জয়ে চিলির শীর্ষ লিগের শিরোপা নিশ্চিত করেছে কোলো কোলো। ক্লাবটির গৌরবময় ইতিহাসে এটি ৩৫তম লিগ শিরোপা। তবে ভোজিনিয়ার ব্যক্তিগত ক্যারিয়ারে কোলো কোলোর হয়ে এটিই প্রথম ট্রফি।
ম্যাচের শুরু থেকেই লড়াই ছিল তীব্র। ১৪ মিনিটে ভিক্টর মেন্দেজের নেওয়া একটি কর্নার থেকে প্রথমবার শট নিয়ে গোল করেন আরতুরো ভিদাল। সাবেক বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ফ্লামেঙ্গো মিডফিল্ডারের এই গোলে দ্রুত এগিয়ে যায় কোলো কোলো। তবে ২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে সমতা ফেরায় নুবলেনসে। ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে পৌঁছায়। ইনজুরি টাইমে জাভিয়ের কোরেয়ার একটি কাটব্যাক থেকে গোল করেন কোলো কোলোর মার্কোস বোলাদোস। এরপরই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৯৭ মিনিটে প্রতিপক্ষের শেষ আক্রমণ ঠেকিয়ে ভোজিনিয়ার দুর্দান্ত সেভ দলের জয় ও শিরোপা নিশ্চিত করে।
২৭ ম্যাচে মোট ৬১ পয়েন্ট সংগ্রহ করে তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে কোলো কোলো। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির পয়েন্ট ৫১। দুই দলের মধ্যে ব্যবধান ১০ পয়েন্টের। ফলে বাকি তিন ম্যাচের ফলাফল আর শিরোপার ভাগ্য পরিবর্তন করতে পারবে না।
ট্রফি হাতে পাওয়ার পর ভোজিনিয়ার আনন্দ ছিল বাঁধভাঙা। তিনি বলেন, ‘এটা আমার জীবনের, আমার ক্যারিয়ারের এত দিনের সব অভিজ্ঞতার চূড়ান্ত পরিণতি।’ এই শিরোপাটি তিনি নিজের পরিবার এবং মাতৃভূমি কেপ ভার্দেকে উৎসর্গ করেছেন। আগামী মৌসুমে কোলো কোলোর হয়ে কোপা লিবার্তাদোরেসে খেলবেন কি না, সেই প্রশ্নে আপাতত ভাবতে চান না তিনি। ভোজিনিয়ার কথায়, ‘আজ উদ্যাপনের দিন। ভবিষ্যৎ নিয়ে পরে কথা হবে। এই শিরোপা আমার পুরো পরিবার ও কেপ ভার্দের জন্য।’
ভোজিনিয়ার জীবনে গত কয়েক মাস ছিল যেন রূপকথার মতো। ২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্ব ফুটবলের নজর কেড়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছিল মাত্র ৫০ হাজার। কিন্তু সেই ম্যাচের পর মাত্র কয়েক ঘণ্টায় অনুসারীর সংখ্যা বেড়ে কয়েক মিলিয়নে পৌঁছায়। বর্তমানে তাঁর অনুসারী ২ কোটি ৭৫ লাখ। এই জনপ্রিয়তার সুযোগে অ্যাডিডাস, পেপসি ও রেড বুলের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রচারণায় যুক্ত হয়েছেন তিনি। এমনকি ব্যালন ডি’অরের সেরা গোলকিপারের ভোটে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেছেন।
আশ্চর্যের বিষয় হলো, বিশ্বকাপের আগে তিনি খেলেছেন পর্তুগালের দ্বিতীয় বিভাগে। বিশ্বকাপের পর জুলাইয়ের শেষ দিকে তিনি চিলির অন্যতম সফল ক্লাব কোলো কোলোয় যোগ দেন। আতশবাজির আলোয় হাজারো সমর্থকের সামনে এসতাদিও মনুমেন্তালে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, যা ছিল অনেকটা সিনেমার দৃশ্যের মতো।
তবে ক্লাব ফুটবলে তাঁর পথচলা খুব একটা মসৃণ ছিল না। কোলো কোলোর হয়ে এখন পর্যন্ত সম্ভাব্য ১৫টি ম্যাচের মধ্যে মাত্র ৬টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ভোজিনিয়া। দলে প্রথম পছন্দ হিসেবে রয়েছেন ১৯ বছর বয়সী চিলিয়ান গোলকিপার গ্যাব্রিয়েল মাওরেইরা। এমনকি বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক গোলকিপার ক্লদিও ব্রাভোও ভোজিনিয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ভোজিনিয়ার সঙ্গে কোলো কোলোর বর্তমান চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে নির্দিষ্ট শর্ত পূরণ হলে চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। এবার শিরোপা জয়ে ক্লাবের হয়ে তাঁর অবস্থান আরও শক্তিশালী হলো। বাকি তিন ম্যাচে নিজেদের মাঠে ইউনিভার্সিদাদ কাতোলিকা ও লা সেরেনার মুখোমুখি হবে কোলো কোলো এবং একটি অ্যাওয়ে ম্যাচ খেলবে কোব্রেসালের মাঠে। এরপরই ভোজিনিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে ক্লাব কর্তৃপক্ষ।