পুঁজিবাদ নিয়ে করা দুটি প্রধান ভবিষ্যদ্বাণীর কোনোটিই বাস্তবে সঠিক প্রমাণিত হয়নি। প্রথমত, মার্ক্সবাদীদের সেই দাবি যে ‘পুঁজিবাদ নিজেই নিজের কবর খুঁড়বে’, তা ঘটেনি। বরং দেখা গেছে, সমাজতন্ত্রীরাই একসময় পুঁজিবাদকে আলিঙ্গন করে নিয়েছেন।

অন্যদিকে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সাইমন কুজনেৎসের একটি প্রত্যাশা ছিল যে, ‘পুঁজিবাদ নিজেই ঠিক হয়ে যাবে’। তাঁর মতে, পুঁজিবাদের শুরুর দিকে বৈষম্য বাড়লেও পরবর্তীতে তা কমতে থাকে; অর্থাৎ আয় ও ধনবৈষম্যের রেখাচিত্রটি সময়ের সাথে একটি উল্টো ‘ইউ’-এর মতো হবে। কিন্তু এই প্রত্যাশাও পূর্ণ হয়নি। এর অর্থ হলো, বিশ্বব্যাপী অর্থনৈতিক লড়াইয়ে সমাজতন্ত্রকে পরাজিত করে বিজয়ী হলেও পুঁজিবাদ বর্তমানে নিজেই এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে।

পুঁজিবাদের টিকে থাকার জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি। তবে এই প্রবৃদ্ধির তাড়নাই একসময় সংকটের জন্ম দেয়। বর্তমান সময়ে পুঁজিবাদের প্রধান সংকটগুলো হলো অলিগার্কদের উত্থান, সম্পদ ও আয়ের সীমাহীন বৈষম্য এবং মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতা বা অ্যাফোর্ডেবিলিটি হ্রাস পাওয়া।

মুক্ত প্রতিযোগিতার পরিবেশ থেকে একচেটিয়া বণিকগোষ্ঠী বা অলিগার্কদের জন্ম হয়। এখানে বড় বোয়াল মাছের মতো প্রভাবশালীরা ছোট ছোট সব প্রতিষ্ঠানকে গিলে ফেলে। তারা কেবল বাজার দখল করেই সন্তুষ্ট থাকে না, বরং রাষ্ট্র এবং রাষ্ট্রীয় নীতিগুলোকেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে তাদের লাভের উৎস বদলে যায়; তারা আর উদ্ভাবন কিংবা মানসম্মত পণ্য তৈরির মাধ্যমে মুনাফা করে না, বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাভবান হয়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জেমস টালারিকো সরাসরি অভিযোগ করেছেন যে, তাঁর প্রতিদ্বন্দ্বীর নির্বাচনী ব্যয় অর্থায়নের মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক এখন টেক্সাসের সিনেট সিট কিনতে চাইছেন—কিন্তু টেক্সাস বিক্রির জন্য নয়।

পুঁজিবাদের দ্বিতীয় বড় সংকট হলো সীমাহীন আয় ও সম্পদের বৈষম্য। কোভিড অতিমারির সময়ে দেখা গেছে, ইউরোপের তারকা ফুটবলারদের সাপ্তাহিক আয় সেখানকার স্বাস্থ্যকর্মীদের ১০ বছরের মোট আয়ের সমান। এই চরম বৈষম্যের ফলে ইউরোপের স্বাস্থ্যকর্মীরা আক্ষেপ করে বলতে থাকেন, আক্রান্ত রোগীরা এখন চিকিৎসার জন্য মেসি, রোনালদো, এমবাপ্পে বা হ্যারি কেইনের কাছে যাক!

নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুঁজিবাদের কেন্দ্রবিন্দু নিউইয়র্ক শহরে এখন ত্রিশোর্ধ্ব বয়সীদের জন্য বাড়ি কেনা, সন্তান জন্মদান কিংবা সাধারণ জীবনযাপনও নাগালের বাইরে চলে গেছে। অথচ অতীতে নিউইয়র্কাররা ৩০ বছর বয়সের আগেই এসব প্রয়োজনীয় বিষয় অবধারিতভাবে অর্জন করতে পারতেন। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে সবাই উত্তর খুঁজছেন। বর্তমান সময়ে পুঁজিবাদের সংকটের সবচেয়ে প্রখ্যাত বিশ্লেষক হলেন টমাস পিকেটি। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ক্যাপিটাল ইন দ্য টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি’-তে এই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়।

পিকেটির মতে, পুঁজিবাদের সহজাত বৈশিষ্ট্যই হলো চরম বৈষম্য তৈরি করা, যা পরবর্তীতে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে তিনি একটি সহজ অসমতা সূত্র (r>g) উপস্থাপন করেছেন। এখানে (r) হলো পুঁজি বা মূলধনের লাভের হার (যেমন স্টক মার্কেট, বাড়িভাড়া, লভ্যাংশ বা ব্যবসায়িক মুনাফা) এবং (g) হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। যখন (r) এর মান (g) এর চেয়ে বেশি হয়, তখন ধনী ও দরিদ্রের মধ্যকার বৈষম্য জ্যামিতিক হারে বাড়তে থাকে।

পিকেটি দেখিয়েছেন যে, ১৭০০ থেকে ১৯১২ সাল পর্যন্ত মূলধনের রিটার্ন ছিল গড়ে ৪ দশমিক ৫ শতাংশ, যেখানে প্রবৃদ্ধি ছিল মাত্র ১ শতাংশ। ১৯১৩ থেকে ১৯৫০ সালের মধ্যে দুটি বিশ্বযুদ্ধ ও মহামন্দার কারণে মূলধন (r) ধ্বংস হয়ে ২ শতাংশে নেমে আসে এবং প্রবৃদ্ধি (g) ছিল ১ দশমিক ৫ শতাংশ। এই সময়ে (r) ও (g) প্রায় সমান হয়ে যাওয়ায় বৈষম্য সাময়িকভাবে হ্রাস পায়।

১৯৫০ থেকে ১৯৮০ সালের যুদ্ধোত্তর পুনর্গঠনকালে প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৫ শতাংশ হয় এবং মূলধনের রিটার্ন ছিল ৪ শতাংশ। এই সময়ে (r) ও (g) কাছাকাছি থাকায় আমেরিকা ও ইউরোপে বৈষম্য সবচেয়ে কম ছিল। তবে ১৯৮০ থেকে ২০২৫ সালের মধ্যে (r) পুনরায় বেড়ে ৫ শতাংশ হয়েছে, কিন্তু (g) নেমে এসেছে ১ দশমিক ৫ শতাংশে। ফলে বিশ্বজুড়ে বৈষম্য আবারও বাড়ছে। এই সমস্যার সমাধানে পিকেটি ২ শতাংশ সম্পদ কর এবং উচ্চ হারে আয়কর আরোপের প্রস্তাব দিয়েছেন। তবে প্রশ্ন হলো, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? রাজনীতিবিদরা তো অলিগার্কদের ক্রীড়নক; তারা অলিগার্কদের অর্থেই নির্বাচন লড়েন ও জীবন ধারণ করেন, তাই তারা বরং তাদের করসুবিধা ও রেয়াত দিতেই বেশি ব্যস্ত!

এই সমালোচনার মুখে অলিগার্করা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো দানছত্র খোলার আশ্রয় নেন। কিন্তু দেখা যাচ্ছে, এসব ফাউন্ডেশন মূলত কর ফাঁকি দেওয়া এবং রাজনীতি নিয়ন্ত্রণের কৌশল মাত্র। ফলে বৈষম্য কমার বদলে আরও বেড়েছে।

পুঁজিবাদকে অক্ষুণ্ন রেখে এর ভাবমূর্তি উজ্জ্বল করতে পরার্থপরতার প্রলেপ দিয়ে নতুন তত্ত্বের উদ্ভব হয়েছে। তেমন একটি তত্ত্ব হলো পিটার সিঙ্গারের ‘কার্যকর পরার্থপরতা’ তত্ত্ব। তাঁর মতে, রাষ্ট্র যদি কর নিতে না পারে, তবে ব্যক্তি নিজেই কার্যকর পরার্থপরতার দিকে ঝুঁকুক। উদাহরণস্বরূপ, ইলন মাস্ক যদি ১০ শতাংশ দান করতেন, তবে ৪০ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া যেত, যা দিয়ে আট কোটি জীবন বাঁচানো সম্ভব। যেখানে দান করলে সবচেয়ে বেশি জীবন বাঁচে, যেমন ম্যালেরিয়া বা ডেঙ্গু প্রতিরোধে, সেখানে দান করা উচিত। তবে এই ধরনের তত্ত্ব দারিদ্র্যের কেবল লক্ষণে মলম দেয়, মূল কারণে আঘাত করে না।

সিঙ্গারের মতোই মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্ব অনুযায়ী, ব্যবসা হবে লাভের জন্য নয়, বরং সমস্যা সমাধানের জন্য—যেখানে বিনিয়োগকারী শুধু আসল টাকা ফেরত নেবেন, কোনো লাভ নেবেন না এবং লাভ পুনরায় ব্যবসায় বিনিয়োগ করা হবে। এটি মূলত পুঁজিবাদের ভেতরেই পুঁজিবাদকে নরম বা গ্রহণযোগ্য করার একটি চেষ্টা মাত্র, যা সামগ্রিক ব্যবস্থাকে পরিবর্তন করে না। এই তত্ত্বগুলো পুঁজিবাদের অন্তর্নিহিত প্রণোদনা সমস্যাকে সমাধান করে না। ব্যবসা যদি সত্যিই সমস্যা সমাধানের জন্য হতো এবং লাভ পুনরায় ব্যবসায় যেত, তবে পুঁজিবাদের অস্তিত্বই থাকত না। কারণ সমস্যা সমাধান নয়, বরং সমস্যা সৃষ্টি করে তা জিইয়ে রেখে মুনাফা করাই পুঁজিবাদের মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অস্ত্রভান্ডার নির্মাণ কিংবা অতিমারি সৃষ্টি করে তার প্রতিষেধকের নামে ব্যবসা করার উদাহরণ আমাদের সামনেই বিদ্যমান। তাই ‘ভালো পুঁজিবাদী’ হওয়া কাঁঠালের আমসত্ত্বের মতোই অসম্ভব।

পিকেটির প্রস্তাবিত সমাধান এবং জাকাতের মধ্যে একটি মিল খুঁজে পাওয়া যায়। পিকেটি ২ শতাংশ সম্পদ করের কথা বলেছেন, আর ইসলামে উদ্বৃত্ত সম্পদের ওপর ২ দশমিক ৫ শতাংশ জাকাতের বিধান রয়েছে। কিন্তু বর্তমান সমাজে জাকাত দেওয়ার মতো মানুষ কি সত্যিই আছে? কয়জন আছেন? একটি গল্প দিয়ে বিষয়টি পরিষ্কার করা যায়।

পরিচিত একজন বিত্তশালী ব্যক্তি একবার বললেন, “ভাই এইবার অনেক জাকাত দিলাম।” আমি জিজ্ঞেস করলাম, “কত টাকার?” তিনি উত্তর দিলেন, “৫০ লাখ টাকার বেশি হবে।” আমি জানতে চাইলাম, “খরচাপাতি বাদ দিয়ে এবার কত টাকা লাভ হয়েছে?” তিনি বললেন, “আলহামদুলিল্লাহ, তা শ দুয়েক কোটি তো হবেই।” তখন আমি বললাম, “আপনার তো পাঁচ কোটি টাকা জাকাত দেওয়ার কথা।” তিনি আঁতকে উঠে বললেন, “এত টাকা জাকাত দিলে খাব কী?” আমি হেসে বললাম, “কেন, বাকি ১৯৫ কোটি টাকা।” এছাড়া অধিকাংশ জাকাত ভোগেই ব্যবহৃত হয় এবং অমুসলিম দেশে পুঁজিবাদের বিকল্প বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে জাকাতের গ্রহণযোগ্যতার প্রশ্ন থেকেই যায়।

পুঁজিবাদের এই সংকট বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে। জেন-জি প্রজন্ম বিভিন্ন দেশে দ্রুত সরকার পরিবর্তন ঘটাচ্ছে। পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ ও আমেরিকা। কিন্তু আমাদের দেশের সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা এই বিষয়ে পিছিয়ে আছেন। তাঁদের দ্রুত এই বিষয়ে গবেষণায় মনোনিবেশ করতে হবে এবং রাজনীতিবিদদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট যে, পরার্থপরতার মলম দিয়ে পুঁজিবাদের সংকট কাটবে না। এখন নতুন অর্থনৈতিক ব্যবস্থারই সময় এসেছে।

—মুহাম্মদ ফাওজুল কবির খান
অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
(মতামত লেখকের নিজস্ব)