আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের মানুষের কর্মকাণ্ড মাঝে মাঝে আমাদের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণকর হয়ে দাঁড়ায়—অন্তত তাদের দাবি তেমনটাই। যেমন, সরকার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে গ্যাসের দাম বাড়ায়! আবার আমার এক বন্ধুও আমার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা চিন্তা করে আমার ৫ হাজার টাকা মেরে দিয়েছিল।
ঘটনাটি ছিল এমন যে, আমার সেই বন্ধু আমার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিল, যা সে আর ফেরত দেয়নি। দীর্ঘ ১০ বছর পর যখন আমি টাকাটি চাইলাম, তখন সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানাল, “তোর দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই টাকাটা আর কখনো ফেরত দিইনি।”
আমি অবাক হয়ে জানতে চাইলাম, এই দীর্ঘমেয়াদি কল্যাণটা আসলে কী? বন্ধু তখন দার্শনিক ভঙ্গিতে উত্তর দিল, “অর্থই অনর্থের মূল দোস্ত! আমি চাইনি তোর হাতে অর্থ গিয়ে তোকে একজন অনর্থ মানুষে পরিণত করুক।”
একবার মোহাম্মদপুরে আমি ছিনতাইয়ের শিকার হয়েছিলাম। ছিনতাইকারীর চেহারাটি কিছুটা কিউট মনে হওয়ায় আমি নিজেই স্বেচ্ছায় সবকিছু তাদের হাতে তুলে দিয়েছিলাম। আমার এই অভাবনীয় সহযোগিতা দেখে তারা আমাকে বেশ পছন্দ করে ফেলে। ছিনতাই শেষ করার পর তারা আমাকে পাশের একটি দোকানে নিয়ে গিয়ে চা খাওয়ায়। চা খেতে খেতেই আমি তাদের কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি, আপনারা ছিনতাই কেন করেন?
তখন সিনিয়র ছিনতাইকারীর উপদেশক পাশ থেকে বলে উঠলেন, “ভাই! নিজেদের জন্য তো করি না! করি জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে।”
আমি জানতে চাইলাম, কী সেই কল্যাণ?
তৎক্ষণাৎ পকেট থেকে আরও ৫০০ টাকা বের করে আমি ওনাকে দিলাম এবং বললাম, ভাই, দীর্ঘমেয়াদি কল্যাণ যেহেতু আছে, এই নেন আরও ৫০০। দেন আরও কিছু কল্যাণ দেন। খাইয়া মইরা যাই।
চায়ে চুমুক দিয়ে আমি আবারও জানতে চাইলাম, কিন্তু ভাই, এখানে কল্যাণ কই?
উনি এবার কিছুটা ধমক দিয়ে বললেন, “আপনাদের মধ্যে বড়ই অস্থিরতা! পুরা কথা শোনেন। এখানে কল্যাণ হইতেছে, শিক্ষা। আমরা জনগণরে এই মেটাফোর ব্যবহার করে শিক্ষা দিতে চাই, পৃথিবীর সকল সরকার আপনাগের লগে এমন করে। আপনারা ভোট দেন, ভোট পাওয়ার পর ওরা ছিনতাই করে! জীবনের ঝুঁকি নিয়া ছিনতাই করে মানুষকে এইসব শিক্ষা দিতে চাই। তা–ও মানুষ শিক্ষা নেয় না।”
অন্যদিকে, জিনিসপত্র কিনতে গিয়ে ঠকে যাওয়া আমার দীর্ঘমেয়াদি অভ্যাস। একবার আমি বিরাট এক ঠকা খেয়েছিলাম। যাত্রাবাড়ী থেকে ৩০০ টাকা দিয়ে একটি কাঁঠাল কিনেছিলাম। দোকানদার আমাকে আশ্বস্ত করে বলেছিলেন, “কাঁঠাল একটা পাইছেন, ভেতরে তিনটার সমান কোয়া পাইবেন।”
আমি তো ব্যাপক খুশি হয়েছিলাম। মনে মনে ভাবলাম, আজকে বাসায় গিয়ে সবাইকে দেখিয়ে দিব।
কিন্তু বাসায় গিয়ে কাঁঠালটি খুলে দেখি, কোয়া পাওয়া গিয়েছে মোটেমাটে তিনটা। বাকি পুরোটা আইশ দিয়ে ভরা। ঘরের মানুষ নিতান্ত ভদ্র বলে তারা আমার মাথায় কাঁঠাল ভাঙল না। তবে পরের দিন সেই কাঁঠাল ভাঙল দোকানদার নিজেই।
আমি দোকানে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার সাথে এত বড় বাটপারি কীভাবে করতে পারলেন?
তখন পাশ থেকে ওনার উপদেশক একগাল হেসে উঠে দাঁড়িয়ে বললেন, “আপনার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে, আপনার মাথায় কাঁঠাল ভাঙা হলো।”
কথাটি শুনে আমার মেজাজ কিছুটা খারাপ হলো। তবু যেহেতু এখানে কল্যাণের কথা বলা হচ্ছে, ভাবলাম শুনি। আমি বললাম, ভাই, কীভাবে কল্যাণ, বলেন দেখি।
উনি তখন বললেন, “ওস্তাদ কিন্তু আপনেরে কইছিল, কাঁঠাল একটা পাইছেন, ভেতরে তিনটার সমান কোয়া পাইবেন? বলছেনি?”
আমি বললাম, বলছে!
উপদেশক জিজ্ঞেস করলেন, “বাসায় গিয়ে তিনটা কোয়া পাইছেননি?”
আমি বললাম, পাইছি।
এবার উপদেশক বললেন, “তাইলে কোথায় সমস্যা বুঝতে পারছেন?”
আমি বললাম, না ভাই! বলেন, কোথায় সমস্যা?
উপদেশক তখন ব্যাখ্যা করলেন, “ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে। আপনে যদি ওই দিন ওস্তাদের কথাটা নিয়া ক্রিটিক্যাল থিঙ্কিং করতেন, তাইলে বুঝতেন উনি আপনারে ক্যামনে বোকা বানাইছে। এর পর থেকে প্রতিটি বিষয় নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন। তাইলে বুঝতে পারছেন, তিনটার সমান কোয়া মানে শুধু তিনটা কোয়াও হইতে পারে।”
আমি বললাম বুঝতে পারছি ভাই!
এরপর পকেট থেকে আরও ৫০০ টাকা বের করে আমি ওনাকে দিলাম এবং বললাম, ভাই, দীর্ঘমেয়াদি কল্যাণ যেহেতু আছে, এই নেন আরও ৫০০। দেন আরও কিছু কল্যাণ দেন। খাইয়া মইরা যাই।
যাহোক, লেখাটি শেষ করি কিছু দীর্ঘমেয়াদি কল্যাণ ভিক্ষা করে। সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে ২২৩ টাকা। তারা জানিয়েছে, জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়েছে। সরকারকে আমার অনুরোধ থাকবে, কল্যাণ যেহেতু আছে, প্লিজ আরও ২৭৭ টাকা বাড়িয়ে রাউন্ড ফিগার ৫০০ করে দেন। আমাদের আরও একটু কল্যাণ হোক।