রাজনীতির অঙ্গনে বদরুল সাহেব একজন অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। এক সময় তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ছিলেন চরম একনিষ্ঠ। দলের যেকোনো সভায় জোরালো বক্তৃতা দেওয়া, মিছিলে উচ্চস্বরে স্লোগান দেওয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরোধীদের তীব্র সমালোচনা করা—সবকিছুতেই তাঁর দক্ষতা ছিল অতুলনীয়। নিজের দলের নেতাদের তিনি অভিহিত করতেন দেশের সূর্য হিসেবে, আর বিরোধী পক্ষকে বর্ণনা করতেন দেশের অন্ধকার বলে।
তবে সময়ের সাথে সাথে রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। যখনই ক্ষমতার পালাবদলের আভাস পাওয়া গেল, বদরুল সাহেবের মনে পুরোনো আদর্শের প্রতি এক ধরণের অস্বস্তি তৈরি হতে শুরু করল। এক সকালে তিনি নতুন দলের নেতার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এবং লিখলেন, “দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নতুন রাজনৈতিক যাত্রা।”
তাঁর এই আকস্মিক রূপান্তরে অবাক হয়ে পুরোনো দলের এক কর্মী তাঁকে ফোন করে জিজ্ঞেস করলেন, “ভাই, কালও তো বললেন ওই দল দেশ ধ্বংস করবে!”
বদরুল সাহেব অত্যন্ত স্বাভাবিকভাবে হেসে উত্তর দিলেন, “আরে ভাই, রাজনীতি তো নদীর স্রোতের মতো। একই জায়গায় দাঁড়িয়ে থাকলে চলে?”
এদিকে ইন্টারনেটে তাঁর পুরোনো বক্তব্যগুলো দ্রুত ভাইরাল হতে শুরু করে। একটি ভিডিওতে তাঁকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, “ওই দল গেলে আমি রাজনীতি ছেড়ে দেব।” অন্যদিকে, নতুন দলের নেতা সম্পর্কে তাঁর করা পুরোনো নেতিবাচক মন্তব্যগুলো দেখে নতুন দলের কর্মীরাও বেশ বিব্রত বোধ করতে থাকেন।
পরিস্থিতি বেগতিক দেখে বদরুল সাহেব চিন্তিত হয়ে পড়লেন। তিনি যখন পুরোনো পোস্টগুলো মুছে ফেলার চেষ্টা করছিলেন, তখন দেখলেন অনেকেই সেগুলোর স্ক্রিনশট নিয়ে রেখেছে। এই সংকটময় মুহূর্তে তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী এক অদ্ভুত বুদ্ধি দিলেন, “ভাই, একটা দুধ দিয়ে গোসল দেন। সব পাপ ধুয়ে যাবে।”
সহযোগীর কথা শুনে বদরুল সাহেবের চোখ চকচক করে উঠল। পরদিন তাঁর বাড়ির উঠানেই এক বিশেষ ‘আত্মশুদ্ধি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ২০ লিটার দুধ, সাদা পাঞ্জাবি, ক্যামেরা এবং সাংবাদিকদের উপস্থিতির ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, “হঠাৎ দুধ দিয়ে গোসলের সিদ্ধান্ত কেন?”
বদরুল সাহেব অত্যন্ত গম্ভীর মুখে উত্তর দেন, “আমি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি। এখন থেকে পরিচ্ছন্ন রাজনীতি করব।”
তাঁর মাথায় দুধ ঢালা মাত্রই ক্যামেরার ফ্ল্যাশগুলো জ্বলে ওঠে। পাশে দাঁড়িয়ে এক কর্মী ভিডিও করছেন, আর অন্য একজন লাইভে লিখছেন, “নেতার ঐতিহাসিক প্রত্যাবর্তন!”
তবে একজন দর্শক এই দৃশ্য দেখে মন্তব্য করেন, “ভাই, দুধ দিয়ে গোসল করছেন ভালো কথা, কিন্তু আগের দলের বিরুদ্ধে বলা কথাগুলো কি সাবান দিয়ে ধোবেন?” যদিও এই মন্তব্যটি খুব দ্রুতই মুছে ফেলা হয়।
বিকেল গড়াতেই ফেসবুকে বদরুল সাহেবের দুধস্নানের ছবি ছড়িয়ে পড়ে। কেউ কেউ লিখলেন, “এমন আত্মশুদ্ধি রাজনীতিতে বিরল।” কেউবা মন্তব্য করলেন, “নেতা মানেই উদারতা।” আবার একজন ব্যঙ্গ করে লিখলেন, “দুধের দাম এত বেশি, নেতার অনুতাপও বেশ দামি!”
পরদিন নতুন দলের একজন নেতা তাঁকে ফোন করে বলেন, “বদরুল ভাই, আপনার পরিবর্তনে আমরা মুগ্ধ। আমাদের সঙ্গে কাজ করবেন?”
বদরুল সাহেব বিনয়ের সাথে জানান, “আমি পদ-পদবি চাই না। জনগণের সেবা করতে চাই।”
নেতা তখন প্রস্তাব দেন, “তাহলে আপনাকে উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দিই।”
বদরুল সাহেব সামান্য বিরতি নিয়ে বলেন, “জনগণের স্বার্থে দায়িত্বটা নিতে পারি।”
এদিকে স্থানীয় চায়ের দোকানে তাঁর এই দুধস্নানের ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলে। কুদ্দুস নামের এক ব্যক্তি বলেন, “বদরুল ভাই তো একেবারে দুধে ধোয়া মানুষ!”
দোকানদার মন্তব্য করে বলেন, “মানুষ কতটা ধোয়া হয়েছে জানি না, তবে দলের রংটা ভালোই বদলেছে।”
কুদ্দুস অবাক হয়ে জিজ্ঞেস করেন, “তাহলে দুধ দিয়ে কী পরিষ্কার হলো?”
দোকানদার চায়ে চুমুক দিয়ে উত্তর দেন, “পাঞ্জাবি, ছবি আর ফেসবুকের প্রোফাইল। পুরোনো আদর্শের দাগ তো এখনো দিব্যি আছে!”
সেদিন রাতে নতুন দলের এক সভায় বক্তৃতা দেওয়ার সময় বদরুল সাহেব বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, আদর্শের জন্য।”
সামনের সারিতে বসে থাকা এক বৃদ্ধ হঠাৎ বলে উঠলেন, “বাবা, আদর্শটা কোন দলের?”
বদরুল সাহেব মুচকি হেসে উত্তর দেন, “জনগণের।”
বৃদ্ধ পাল্টা প্রশ্ন করেন, “তা হলে জনগণকে জিজ্ঞেস করে দেখো, তারা তোমাকে কোন দলে চায়!”
বদরুল সাহেব আর কোনো উত্তর দিতে পারেননি। পরদিন তিনি ফেসবুকে আবার নতুন পোস্ট দিলেন— “অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত রাজনীতি।”
পোস্টটিতে হাজার হাজার লাইক পড়লেও দুধওয়ালা একটি মন্তব্য করেন, “ভাই, আত্মশুদ্ধির ২০ লিটার দুধের বিলটা বাকি আছে। এবার কি নতুন দলের ফান্ড থেকে দেবেন?”
বদরুল সাহেব দ্রুত সেই মন্তব্যটি মুছে ফেলেন। কারণ, রাজনীতিতে অতীত মুছে ফেলা সম্ভব না হলেও দুধওয়ালার বাকি মুছে ফেলা যায়।