জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বিদেশি আইনজীবীকে কেবল ‘অবজারভার’ বা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘অবজারভার’ হিসেবে বিদেশি আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে পারবেন এবং বিচারিক কার্যক্রম চলাকালীন আসামিপক্ষের আইনজীবীকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবেন।

আজ রোববার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, আসামিপক্ষ সরাসরি বিদেশি আইনজীবী নিয়োগের ইচ্ছা প্রকাশ করলেও তারা ‘অবজারভার’ হিসেবে কাউকে আনতে রাজি নন।

এর আগে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানিতে কথা বলেন আসামি সালমান এফ রহমান। তিনি জানান, তিনি এই প্রক্রিয়ায় ন্যায়বিচার প্রত্যাশা করেন। বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য তিনি ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান এবং আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পরবর্তীতে জেল কর্তৃপক্ষের মাধ্যমে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে তিনি বার কাউন্সিলে আবেদন করেন। তাঁর মনোনীত বিদেশি আইনজীবীও এই বিষয়ে বার কাউন্সিলে আবেদন দাখিল করেছেন। তবে বার কাউন্সিল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে তিনি জানতে পেরেছেন যে, বার কাউন্সিল তাঁর বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনটি খারিজ করে দিয়েছে, তবে সেখানে ‘অবজারভার’ আনার সুযোগের কথা উল্লেখ করা হয়েছে।

আইনি দিকটি তুলে ধরে সালমান এফ রহমান বলেন, “আইনে যুক্তিসংগত কোনো কারণ ছাড়া বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি আটকে না রাখতে বলা হয়েছে।” তিনি আক্ষেপ করে বলেন, বার কাউন্সিল তাঁদের আবেদন নাকচ করার কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি। কারণ জানালে ট্রাইব্যুনাল খতিয়ে দেখতে পারত যে, নিয়োগ না দেওয়ার সেই কারণটি যুক্তিসংগত কি না।

সালমান এফ রহমান আরও উল্লেখ করেন, প্রসিকিউশনের দাবি অনুযায়ী তাঁর মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে। অথচ তাঁরা অনেক আগেই বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেছিলেন। সামনে যুক্তিতর্কের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এবং সেই সময়ে তিনি বিদেশি আইনজীবীর সহায়তা চান। তাঁর মতে, ট্রাইব্যুনালের আইন সংশোধনের মূল উদ্দেশ্যই ছিল আসামিকে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ করে দেওয়া।

পরবর্তীতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শুনানিতে বলেন, আইন অনুযায়ী আসামি বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারেন। সালমান এফ রহমান লিখিত আবেদনে বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ার কথা বলেছেন, কিন্তু বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ার কোনো আইনি এখতিয়ার ট্রাইব্যুনালের নেই।

এই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল জানায়, আইনে যদি এই বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকত, তবে তাঁরা বিষয়টি বিবেচনা করতে পারতেন। যেহেতু আইনে বার কাউন্সিলের অনুমতির কথা স্পষ্টভাবে বলা আছে, তাই ট্রাইব্যুনালের পক্ষে নির্দেশনা দেওয়া সম্ভব নয়। তবে বার কাউন্সিল এই আবেদনের বিষয়ে কোনো নিষ্পত্তি করেছে কি না বা কী সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে ট্রাইব্যুনাল নির্দেশনা দিতে পারে। আর বার কাউন্সিলের সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে আবেদনকারীর আপিল করার সুযোগ থাকবে।

সবশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, “তাঁরা বলেছেন, বিদেশি আইনজীবী ট্রাইব্যুনালের ডায়াসে দাঁড়িয়ে কথা বলতে পারবেন কি না, সে ব্যাপারে আইনে অনুমতির প্রয়োজন আছে। কিন্তু একজন আইনজীবীকে সহযোগিতা (অ্যাসিস্ট) করার জন্য, মামলা রেডি (প্রস্তুত) করে দেওয়ার জন্য কোনো ব্যক্তিরই অনুমতির দরকার নেই। তাঁরা যদি সত্যি বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান, তাহলে অবজারভার হিসেবে আনতে পারেন। অবজারভার হিসেবে তাঁদের আইনজীবীদের অ্যাসিস্ট (সহযোগিতা) করবেন, তাঁরা (আসামিপক্ষের বাংলাদেশি আইনজীবী) সাক্ষীকে প্রশ্ন করবেন।”