নোয়াখালীর সেনবাগে বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে এসে একটি গাভির মৃত্যু হয়েছে। এই গাভিটিই ছিল দিনমজুর মো. ফকির আহমদের পরিবারের আয়ের একমাত্র উৎস। হঠাৎ করে জীবনধারণের প্রধান অবলম্বনটি হারিয়ে বর্তমানে চরম দিশাহারা হয়ে পড়েছেন তিনি।
পেশায় দিনমজুর মো. ফকির আহমদ (৫০) একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে এই গাভিটি কিনেছিলেন। বাছুর হওয়ার পর অত্যন্ত যত্নের সাথে তিনি সেটি লালন–পালন করে আসছিলেন। প্রতিদিন এই গাভির দুধ বাজারে বিক্রি করেই তাঁর সংসার চলত। তবে সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি।
আজ রোববার বেলা ১১টার দিকে ঘাস খেয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির একটি ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ হারায় গাভিটি। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত ফকির আহমদ বলেন, ‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা।’
নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চারিদ্রোন পাটোয়ারী বাড়ি এলাকার বাসিন্দা মো. ফকির আহমদের পরিবারে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। এই গাভি থেকে তিনি প্রতিদিন প্রায় তিন কেজি দুধ পেতেন এবং সেই দুধ বিক্রির টাকা দিয়েই মূলত তাঁর পরিবারের ভরণপোষণ চলত।
আজ দুপুর ও সন্ধ্যায় দুই দফায় মুঠোফোনে কথা হয় ফকির আহমদের সঙ্গে। গাভিটি হারানোর পর থেকেই তিনি ভেঙে পড়েছেন এবং অনবরত কাঁদছেন। সন্ধ্যায় কাঁদতে কাঁদতে তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘গাভিটির বর্তমান বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে এটি কিনেছিলাম। মাসে এর কিস্তি দিতে হয় ১১ হাজার টাকা। বাছুর হওয়ার পর গাভিটি লালন–পালন করছিলাম। এটিই ছিল পরিবারের আয়ের একমাত্র অবলম্বন। গাভিটি হারিয়ে এখন আমি দিশাহারা।’
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টানানো একটি তার ছিঁড়ে ওপরের বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে ছিল। বিষয়টি কারও নজরে আসেনি। সকালে ঘাস খেয়ে ফেরার পথে ওই ছেঁড়া তারের সংস্পর্শে আসতেই গাভিটি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই সেটির মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শী আবুল বাশার জানান, বেলা ১১টার দিকে গাভিটি বাড়ি ফিরছিল। হঠাৎ ছেঁড়া তারের সংস্পর্শে এসে এটি ছটফট করতে থাকে। সেই সময় বাছুরটিও গাভির দিকে যাচ্ছিল। তিনি দ্রুত বাছুরটিকে আটকে চিৎকার করে লোকজনকে ডাকেন, কিন্তু ততক্ষণে গাভিটি মারা যায়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁরা আর্তমানবতার খাতিরে ফকির আহমদের পরিবারকে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ঘটনাটি সম্পর্কে জানতে চাওয়া হলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মিনারুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, চারিদ্রোন এলাকায় বৈদ্যুতিক খুঁটির টানা তার ছিঁড়ে থাকার বিষয়টি আগে কেউ তাঁদের জানাননি। জানালে আগেই ব্যবস্থা নেওয়া যেত। দুর্ঘটনার পর স্থানীয়ভাবে অভিযোগ পাওয়ার পর বিদ্যু–কর্মীরা গিয়ে ছেঁড়া তারটি অপসারণ করেছেন।