নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামের একটি ধানক্ষেতের পাশে মাইনুদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নিহত শেখ খাজা মাইনুদ্দিন দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, সকালে বাড়ির পশ্চিম পাশের জমি থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়েছিলেন মাইনুদ্দিন। ওই সময় পাশের খেতের মালিক জাকির হোসেন (৩০) ইঁদুর মারার উদ্দেশ্যে ধানক্ষেতে কাঁচা বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রেখেছিলেন। ঘাস কেটে বাড়ি ফেরার পথে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় ঘটনাস্থলেই মাইনুদ্দিনের মৃত্যু হয়। এই ঘটনার কথা জানাজানি হলে অভিযুক্ত ক্ষেত মালিক জাকির হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, " মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"