নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত মুক্তকণ্ঠ ট্রাস্টের সাদত স্মৃতি পল্লী প্রকল্পে অক্টোবর মাসজুড়ে বিভিন্ন ধরনের সেবামূলক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা, বয়স্ক ভাতা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ, নারীদের সেলাই প্রশিক্ষণ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান এবং শিশুদের ধর্মীয়, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো গ্রহণ করা হয়।
স্বাস্থ্যসেবার বিষয়ে অক্টোবর মাসে মোট ২৮৩ জন রোগী চিকিৎসকের পরামর্শ ও সেবা গ্রহণ করেছেন। মাসের বিভিন্ন সময়ে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ডা. সানজিদা সুলতানা। তাঁদের মধ্যে ডা. খাইরুল ইসলাম সাত দিনের দায়িত্ব পালনকালে ১৫৬ জন এবং ডা. সানজিদা সুলতানা পাঁচ দিনে ১২৭ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। উল্লেখ্য যে, স্বাস্থ্যসেবা গ্রহণকারী সকল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
প্রকল্পের বয়স্ক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। অক্টোবর মাসের ৪ তারিখে দুই দফায় মোট ৭০ জন বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। পরবর্তীতে ২৫ অক্টোবর তারিখে নভেম্বর মাসের বয়স্কভাতা অগ্রিম প্রদান করা হয়। ভাতার পাশাপাশি তাঁদের জন্য খাবারের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল। এছাড়া ২৫ অক্টোবর আরজান ও আরিশের জন্মদিন উপলক্ষে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হয়।
শিক্ষার প্রসারে প্রতি মাসের ধারাবাহিকতায় ১১ অক্টোবর মনিপুরা উচ্চ বিদ্যালয় ও ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করতে সহায়তা করাই মূলত আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তি কার্যক্রমের প্রধান লক্ষ্য। অন্যদিকে, নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতে সাদত স্মৃতি পল্লীতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অক্টোবর মাসে মোট ১২টি প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়। এসব ক্লাসে জামা, সালোয়ার, ফ্রক, পেডিকোট, ম্যাক্সি, কামিজ, বালিশের কভার ও ব্লাউজসহ বিভিন্ন ধরনের পোশাকের কাটিং ও সেলাইয়ের কৌশল শেখানো হয়েছে। পাশাপাশি কাপড়ের সঠিক মাপ নেওয়া এবং ফিতা দিয়ে মাপ নির্ধারণের নিয়মাবলী সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণার্থীরা নিজস্ব কাপড় এনে পোশাক তৈরি করে নিজেদের দক্ষতা যাচাই করেছেন।
শিশু ও কিশোর-কিশোরীদের মেধা, সৃজনশীলতা এবং মননশীলতার বিকাশেও নানা আয়োজন করা হয়েছে। অক্টোবর মাসে নিয়মিতভাবে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা, সংগীত, নৃত্য, ছবি আঁকা এবং কম্পিউটার প্রশিক্ষণের ক্লাসগুলো অনুষ্ঠিত হয়। কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও প্রকল্পের কার্যক্রমে গুরুত্ব পেয়েছে। সেই লক্ষ্যে ২ অক্টোবর ৩০ জন কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়, যার উদ্দেশ্য ছিল কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করা।
সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দক্ষতা উন্নয়নের এক সমন্বিত প্রচেষ্টায় সাদত স্মৃতি পল্লীর এই কার্যক্রমগুলো স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে অসহায় বয়স্কদের আর্থিক সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, নারীদের কর্মমুখী প্রশিক্ষণ এবং শিশুদের সৃজনশীল বিকাশের এই উদ্যোগগুলো গ্রামীণ জনপদে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করছে। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় মুক্তকণ্ঠ ট্রাস্ট এই প্রকল্পটি পরিচালনা করছে।