নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরামারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীর আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তির আওতায় থাকা ১৯ জন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। কৃতিত্বপূর্ণ এই ফলাফলের স্বীকৃতি হিসেবে সম্প্রতি গুণীজন ও আয়োজকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়।

মনিপুরা উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন এবং ইউনুস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে চারজন শিক্ষার্থী A+ গ্রেড অর্জন করেছেন। তারা হলেন- মনিপুরা উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ শাকিরুল হাসান এবং ইউনুস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হাসিবা আক্তার, তাহসিন আক্তার ও মেহেরিন আফরোজ সেতু। বাকি ১৪ জন শিক্ষার্থী পেয়েছেন A গ্রেড এবং একজন B গ্রেড অর্জন করেছেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত চার কৃতি শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত অর্থায়নে এবং মুক্তকণ্ঠ ট্রাস্টের পরিচালনায় ২০১৯ সাল থেকে এই বৃত্তিমূলক কার্যক্রমটি পরিচালিত হয়ে আসছে। সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসের ১০ জন করে মোট ৮০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ধারাবাহিকভাবে চার বছর ধরে প্রতি মাসে ৫০০ টাকা করে বৃত্তি পাচ্ছেন।

শিক্ষার্থীদের বৃত্তির পাশাপাশি সাদত স্মৃতি পল্লীতে রয়েছে বয়স্কভাতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, শিশু বিকাশ কেন্দ্র, সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ এবং কিশোরীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম।