সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছানোর সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন হারিয়ে গেলেন এক প্রতিভাবান অভিনেতা? সালমান খানের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব, সংবাদ সম্মেলনে এক রাতে ৪১টি ফোনকলের বিস্ফোরক অভিযোগ এবং একের পর এক সিনেমা থেকে বাদ পড়া—বিবেক ওবেরয়ের ক্যারিয়ারের আবর্তে জড়িয়ে আছে বলিউডের ক্ষমতার জটিল সমীকরণ, দীর্ঘ বিতর্ক এবং ঘুরে দাঁড়ানোর এক লড়াইয়ের গল্প।
সম্প্রতি ইউটিউব চ্যানেল রেলার্নে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক আবারও বলিউডের তথাকথিত ‘লবিবাজি’ নিয়ে কথা বলেছেন। তাঁর দাবি, ইন্ডাস্ট্রির একটি অত্যন্ত প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁকে একঘরে করে দিয়েছিল। এমনকি আগে চুক্তিবদ্ধ হওয়া বেশ কিছু সিনেমা থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
বিবেকের আরও দাবি, যাঁরা প্রতিকূল সময়ে তাঁর পাশে দাঁড়াতে চেয়েছিলেন, তাঁদের মধ্যে কেউ কেউ আন্ডারওয়ার্ল্ডের হুমকি পেয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল যে, বিবেকের সঙ্গে সিনেমা করলে তাঁদের নিজেদের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতির কারণে জীবনের এক অত্যন্ত কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে।
একসময় বলিউডের নতুন সেনসেশন হিসেবে পরিচিত ছিলেন বিবেক। ২০০২ সালে রাম গোপাল ভার্মার কোম্পানি প্রযোজিত ছবির মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক ঘটে। প্রথম ছবিতেই চন্দু চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন তিনি। বিশেষ করে গ্যাংস্টার চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। একই বছর মুক্তি পায় ‘সাথিয়া’, যেখানে রোমান্টিক নায়ক হিসেবেও দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পান তিনি।
এরপর ‘রোড’, ‘দম’, ‘যুবা’, ‘মাস্তি’র মতো একাধিক ছবিতে নিজের অভিনয়ের পরিধি বাড়ান বিবেক। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিতে মায়া ডোলাসের চরিত্রে অভিনয় করে তিনি আবারও আলোচনায় আসেন। একদিকে সমালোচকদের ভূয়সী প্রশংসা, অন্যদিকে বাণিজ্যিক সাফল্য—সব মিলিয়ে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল একজন সুপারস্টার হয়ে ওঠার প্রবল প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশার পথেই আসে এক বড় ধাক্কা।
যে সংবাদ সম্মেলন সবকিছু বদলে দিয়েছিল, তার তারিখ ছিল ২০০৩ সালের ১ এপ্রিল। সেদিন মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলন ডেকে সবাইকে চমকে দেন বিবেক ওবেরয়। তিনি অভিযোগ করেন, সালমান খান তাঁকে এক রাতে ৪১ বার ফোন করেছিলেন। ওই ফোনকলগুলোতে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
তৎকালীন সময়ে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিবেকের সম্পর্ক নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা চলছিল। সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিবেকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হতে শুরু করে। এই ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকেই দুই অভিনেতার বিরোধের সূত্রপাত বলে সে সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিবেকের এই সংবাদ সম্মেলন নিয়ে তোলপাড় শুরু হলেও সালমান খান তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। ফলে পুরো ঘটনাটি দুই অভিনেতার পরস্পরবিরোধী বক্তব্য ও পাল্টা যুক্তির বিষয়ে পরিণত হয়।
পরবর্তী সময়ে বিবেক নিজেই উপলব্ধি করেছিলেন, ওই সংবাদ সম্মেলন তাঁর পেশাগত জীবনে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু ততক্ষণে পরিস্থিতি অনেক দূর এগিয়ে গিয়েছিল।
সালমানের সঙ্গে এই বিরোধের পর বিবেকের জীবনে কী পরিবর্তন এল? বিবেকের দাবি, ওই সংবাদ সম্মেলনের পর থেকেই বলিউডে তাঁর জন্য কাজ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ২০১৭ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইন্ডাস্ট্রির ক্ষমতাশালী মহল থেকে যেন তাঁর বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
বিবেকের ভাষায়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি হয়ে উঠেছিলেন এমন একজন অভিনেতা, যার সঙ্গে কাজ করতে অনেকেই অনিচ্ছুক ছিলেন। এমনকি ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র মতো ব্যবসাসফল ছবির পর প্রায় এক বছর তাঁকে বাড়িতে বসে থাকতে হয়েছিল।
পুরস্কার পাওয়ার পরও ১৪ মাস কাজ পাননি তিনি। ২০২৪ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া সাক্ষাৎকারে বিবেক জানান, ২০০৭ সালে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ মুক্তির পর তিনি ভেবেছিলেন আরও ভালো কাজের প্রস্তাব তাঁর কাছে আসবে। ছবির বাণিজ্যিক সাফল্য, অভিনয়ের প্রশংসা এবং পুরস্কার পাওয়ার পরও প্রত্যাশিত কাজ তাঁর কাছে আসেনি।
বিবেকের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৪ থেকে ১৫ মাস তাঁকে বাড়িতেই কাটাতে হয়েছিল। তখনই তিনি সিদ্ধান্ত নেন, শুধু অভিনয়ের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করবেন না। তিনি ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোযোগ দেন। তাঁর বক্তব্য, নিজের জীবিকার নিয়ন্ত্রণ তিনি অন্য কারও হাতে রাখতে চাননি।
আন্ডারওয়ার্ল্ডের হুমকির অভিযোগটি আরও গুরুতর। ২০২৬ সালের নতুন সাক্ষাৎকারে বিবেক যে বিষয়টি সামনে এনেছেন, তা রীতিমতো চমকপ্রদ। তাঁর দাবি, শুধু প্রযোজক বা পরিচালকের অনীহা নয়, তাঁকে নিয়ে কাজ করতে আগ্রহী কয়েকজন পরিচিত ব্যক্তিও হুমকি পেয়েছিলেন।
বিবেকের ভাষ্য অনুযায়ী, কেউ কেউ তাঁকে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কাজ করলে তাঁদের নিজেদের ও পরিবারের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে তাঁর পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে পিছিয়ে যান। এই দাবি বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের পুরোনো সম্পর্কের বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।
জীবনের সেই অন্ধকার সময় কাটিয়ে ব্যবসায় নতুন পরিচয় গড়েছেন বিবেক। অভিনয়ের পাশাপাশি তিনি রিয়েল এস্টেট এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের পাশাপাশি ল্যাব-গ্রোন ডায়মন্ডের ব্যবসায় যুক্ত হয়েছেন। তাঁর প্রতিষ্ঠান সলিটেরিও ল্যাব-গ্রোন হীরার গয়না নিয়ে কাজ করে। ২০২৪ সালের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অভিনয় তাঁর ভালোবাসা, কিন্তু জীবিকার জন্য আর কোনো লবির ওপর নির্ভর করতে চান না। ব্যবসা তাঁকে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা দিয়েছে।