নরসিংদী রেলস্টেশনে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নরসিংদী রেলস্টেশনের দুই প্ল্যাটফর্মের মধ্যবর্তী স্থানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। ধারণা করা হচ্ছে, তাঁর বয়স ৫০ বছর বা তার বেশি। মৃত্যুর সময় তাঁর পরনে ছিল একটি কালো শার্ট ও লুঙ্গি।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী সরকারি কলেজের তিন শিক্ষার্থী ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এরপর তাঁদের সহযোগিতায় দ্রুত অটোরিকশায় করে তাঁকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়। পিবিআই সদস্যরা হাসপাতালে গিয়ে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়েছেন, তবে তাতে কোনো সফলতা আসেনি। পরিচয় পাওয়ার আশায় তাঁর লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রকাশ করা হয়েছে। আজ শনিবার দুপুরে পুনরায় হাসপাতালে গিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পিবিআই, কিন্তু এখন পর্যন্ত কেউ তাঁর খোঁজ নিতে আসেননি।

রেলস্টেশনে নিয়মিত যাতায়াত করেন এমন স্থানীয় বাসিন্দারাও ওই ব্যক্তিকে চিনতে পারছেন না। তিনি কোনো ট্রেনের যাত্রী ছিলেন নাকি রেললাইন পার হয়ে শহরের অন্য প্রান্তে যাচ্ছিলেন, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, “নরসিংদী সদর হাসপাতালের মর্গে ওই ব্যক্তির লাশের ময়নাতদন্ত চলছে। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্বজনদের জন্য অপেক্ষা করবেন তাঁরা। এরপর অজ্ঞাতপরিচয় হিসেবে রেলওয়ে কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।”