নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান (৩২) নামের একজন কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারফ হোসেনের পুত্র।
পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান বেশ কয়েক দিন ধরে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে করা ডেঙ্গু পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিন রাত ১০টায় খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন করার পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান জানান, "মোসাদ্দেক ডেঙ্গু পজিটিভ হয়ে দুই-তিন দিন আগে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দুপুরে তিনি নামাজও পড়েন এবং কিছুটা সুস্থ বোধ করছিলেন। পরে তার শরীরে প্রচণ্ড তাপমাত্রা দেখা দেয়।"
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির মোসাদ্দেক হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।