সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করা এবং তা সরিয়ে নিতে অস্বীকৃতি জানানোর জেরে এক বন্ধুকে হত্যা করেছেন প্রবাসী বাংলাদেশি। এই নৃশংস হত্যাকাণ্ডের দায়ে কুয়েতের একটি ফৌজদারি আদালত ওই বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন।

তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে খুন করেন ওই প্রবাসী। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে গত মঙ্গলবার ফৌজদারি আদালত মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় ঘোষণা করেন।

কুয়েতের প্রসিকিউটরদের দেওয়া তথ্যানুসারে, ভুক্তভোগী বন্ধু ওই প্রবাসী বাংলাদেশির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন। ছবিগুলো মুছে ফেলার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি তা সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েই আসামি পরিকল্পিতভাবে তাঁর বন্ধুকে হত্যার সিদ্ধান্ত নেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী ব্যক্তি তাঁর কর্মস্থলের ভেতরে অবস্থান করছেন তা নিশ্চিত হওয়ার পর আসামি একটি ছুরি নিয়ে বাইরে ওত পেতে থাকেন। ভুক্তভোগী ব্যক্তি বাইরে আসামাত্রই আসামি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তিনি ওই ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন অংশে বারবার ছুরিকাঘাত করেন। এই মারাত্মক আঘাতের ফলেই তাঁর মৃত্যু হয়।

আদালতে বিচার চলাকালীন মামলার আসামি প্রবাসী ওই ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করেন। তিনি জানান, এই বিরোধ তৈরি হওয়ার আগে ভুক্তভোগী ব্যক্তি এবং তিনি পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

আসামি আদালতকে বিস্তারিত জানিয়ে বলেন, আগের এক সফরের সময় ওই বন্ধু তাঁকে না জানিয়েই তাঁর স্ত্রীর ছবি তুলেছিলেন। পরবর্তীতে তিনি তাঁদের কাউকে না জানিয়েই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

আসামির দাবি, তাঁর স্ত্রীর ছবি নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য আসতে শুরু করলে তিনি বন্ধুকে ছবিগুলো সরিয়ে নিতে অনুরোধ করেছিলেন। তবে ওই বন্ধু সেগুলো সরাতে অস্বীকৃতি জানান এবং উল্টো আরও ছবি পোস্ট করতে থাকেন। এই কর্মকাণ্ড আসামি ও তাঁর স্ত্রীর মধ্যে প্রচণ্ড মানসিক চাপ ও উত্তেজনা সৃষ্টি করে।

আদালতে আসামি স্বীকার করেন, এই তীব্র বিরোধের কারণেই তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে প্রাণঘাতী আক্রমণের পরিকল্পনা বাস্তবায়ন করেন।

প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে আদালত ওই প্রবাসী বাংলাদেশিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।