সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ এবং সংশ্লিষ্ট নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সাথে বিদেশে আটক কিংবা মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সেই বিষয়েও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে এই নোটিশে।
আজ রোববার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশটি প্রেরণ করেন। নোটিশটি পাঠানো হয়েছে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের বরাবরে। নোটিশ পাওয়ার পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়গুলোর প্রাথমিক জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
নোটিশদাতা সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, “মৃত্যুদণ্ড কার্যকরের আগে ও পরে গৃহীত কূটনৈতিক উদ্যোগ, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে ও কীভাবে ওই দুই ব্যক্তির আটক, বিচারপ্রক্রিয়া, সাজা ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য জেনেছিলেন, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে ঠিক কী ধরনের তথ্য ও নথি পাওয়া গেছে, তা স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে। যদি কোনো তথ্য এখনো পাওয়া না গিয়ে থাকে, তবে তার কারণ কী এবং বাকি কাজগুলো সম্পন্ন করতে কোনো নির্দিষ্ট সময়সূচি নির্ধারিত আছে কি না, সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিশেষভাবে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে নোটিশে।
নোটিশ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং লিখিত প্রাথমিক জবাব দেওয়ার কথা উল্লেখ করে তাসমিয়াহ নুহিয়া আহমেদ সতর্ক করে বলেন, “যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”