কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের ২০২৬ সালের জুন সেশনের অ্যাডভান্সড সাবসিডিয়ারি (এএস) পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছেন বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের শিক্ষার্থী সাহিল ওয়াজির মামুন মুগ্ধ। তিনি চারটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড ‘এ’ অর্জনের পাশাপাশি গণিতে ১০০ শতাংশ পার্সেন্টেজ ইউনিফর্ম মার্ক (পিইউএম) পেয়ে বিশ্বসেরা নম্বর অর্জনের অনন্য গৌরব লাভ করেছেন।

পরীক্ষায় সাহিল ওয়াজির মামুন মুগ্ধ জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত—এই চারটি বিষয়ে অংশগ্রহণ করেছিলেন এবং প্রতিটি বিষয়েই তিনি ‘এ’ গ্রেড অর্জন করতে সক্ষম হয়েছেন। কেমব্রিজের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, তাঁর প্রাপ্ত পার্সেন্টেজ ইউনিফর্ম মার্ক (পিইউএম) এর বিস্তারিত চিত্র হলো—জীববিজ্ঞানে ৯৬ শতাংশ, রসায়নে ৯৭ শতাংশ, পদার্থবিজ্ঞানে ৯৭ শতাংশ এবং গণিতে পূর্ণ ১০০ শতাংশ। আন্তর্জাতিক পরিমণ্ডলে গণিতে ১০০ শতাংশ নম্বর অর্জন করা একটি বিরল ও অনন্য কৃতিত্ব হিসেবে বিবেচিত হয়।

সাহিল ওয়াজির মামুন মুগ্ধর এই অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ কর্তৃপক্ষ তাঁকে এ বছর ‘স্টুডেন্ট অব দ্য ডিকেড’(Student of the Decade) হিসেবে নির্বাচিত করেছে। এর অর্থ হলো, গত দশ বছরের সামগ্রিক হিসাব অনুযায়ী কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তিনি এই বিশেষ সম্মাননা লাভ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাহিল ওয়াজির মামুন মুগ্ধর বাবা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুন উর রশীদ একজন রেডিওলজিস্ট। তাঁর মা সাবিহা ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।

মুগ্ধর এই অভাবনীয় সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত মেধা, নিরলস অধ্যবসায় ও কঠোর পরিশ্রমেরই ফল নয়; বরং আন্তর্জাতিক শিক্ষা অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের অসাধারণ মেধা, যোগ্যতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হচ্ছে।