ভোলার মেঘনা নদীতে এক জেলেরা জালে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরেছেন। মাছটি পরবর্তীতে ভোলার ইলিশা মাছঘাটে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) ভোরে হানিফ মাঝির জালে এই বিশাল কাতল মাছটি ধরা পড়ে। এরপর সকালে তিনি মাছটি ইলিশা মাছঘাটে নিয়ে আসেন এবং সেখানে নিলাম শুরু হয়। নিলামের লড়াইয়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কিনে নেন ইলিশা ঘাটের আড়ৎদার মো. জামাল ব্যাপারী। তিনি মোট ১৭ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।

এই ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি বলেন, “মেঘনা নদী আমাদের মৎস্যসম্পদের এক বিশাল ভান্ডার। প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ এবং ছোট মাছকে বড় হওয়ার সময় দিতে পারলে নদীতে এমন বড় মাছের প্রাচুর্য আরও বাড়বে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং মাছের প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

অন্যদিকে, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেরা এখন এর সুফল পেতে শুরু করেছেন। এরই মধ্যে জেলেদের জালে বড় আকারের পাঙ্গাস, ইলিশসহ কাতল মাছ ধরা পড়ছে। তিনি আরও বলেন, “ভবিষ্যতেও জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলবেন বলে আশা করছি। এতে নদীতে মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা আরও বেশি মাছ আহরণ করতে পারবেন।”