ব্যাংক থেকে চার লাখ টাকা ঋণ নিয়ে ২০১৮ সালে মাত্র ১৪ জন কিশোরীকে নিয়ে ফুটবল একাডেমি গড়েছিলেন সুইহলামং মারমা। বর্তমানে সেখানে প্রশিক্ষণ নিচ্ছে ৪২ জন কিশোরী। এই একাডেমির সাফল্যের প্রমাণস্বরূপ আটজন খেলোয়াড় বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে।
সম্প্রতি রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ মাঠে এক সকালে দেখা গেল এক প্রাণবন্ত দৃশ্য। একদল কিশোরী ফুটবল অনুশীলনে ব্যস্ত। কেউ বল নিয়ে দ্রুত ছুটছে, আবার কেউ সতীর্থকে নিখুঁত পাস দিচ্ছে। মাঠের এক প্রান্তে বাঁশি হাতে দাঁড়িয়ে কোচ তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
জানা গেছে, এই একাডেমির কিশোরীরা প্রতিদিন দুই বেলা কঠোর অনুশীলন করে। তাদের অনেকেরই স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা। তাদের প্রশিক্ষক সুইহলামং মারমা (৫১), যিনি ব্যাংক ঋণ নিয়ে এই একাডেমি প্রতিষ্ঠা করেছেন। ২০১৮ সালে ১৪ জনের মাধ্যমে শুরু হওয়া এই প্রতিষ্ঠানে এখন রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৪২ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে।
সুইহলামং মারমা ২০০৫ সাল থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ এই অভিজ্ঞতার পর পার্বত্য অঞ্চলের কিশোরীদের ফুটবল প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি এবং এই একাডেমি গড়ে তোলার সিদ্ধান্ত নেন। তাঁর এই প্রচেষ্টায় অনেক কিশোরী ইতিমধ্যে আনসার, সেনাবাহিনী, পুলিশ ও বিমানবাহিনীতে চাকরির সুযোগ পেয়েছে। এছাড়া আটজন কিশোরী জাতীয় নারী ফুটবল দলের বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে খেলার সুযোগ লাভ করেছে।
একাডেমিটি প্রতিষ্ঠার জন্য সুইহলামং আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন। বর্তমানে একটি ভাড়া বাসায় একাডেমির আবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার জন্য প্রতি মাসে তাঁকে ২০ হাজার টাকা ভাড়া দিতে হয়।
প্রতিষ্ঠার শুরু থেকেই এই একাডেমি পরিচালনায় চরম অর্থসংকটের মুখোমুখি হয়েছেন তিনি। নিজের এবং স্ত্রীর বেতনের একটি বড় অংশ তিনি একাডেমির পেছনে ব্যয় করেন। এছাড়া বিভিন্ন সমবায় সমিতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে খেলোয়াড়দের জার্সি, জুতা ও বলের ব্যবস্থা করেন তিনি।
শুরুতে খেলোয়াড়দের থাকা-খাওয়া ও পড়াশোনার যাবতীয় খরচ বিনামূল্যে দেওয়া হতো। তবে গত বছর থেকে যাদের আর্থিক সামর্থ্য আছে, তারা মাসে এক থেকে দেড় হাজার টাকা প্রদান করছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই একাডেমিকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছে।
সুইহলামং মারমা বলেন, ‘যে সুবিধাগুলো এই একাডেমিতে আছে, তা যদি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় আরও বড় পরিসরে বাড়ানো যায়, তবে এই একাডেমি থেকেই উঠে আসবে আগামী দিনের বহু ঋতুপর্ণা, মনিকা ও রূপনা।’
সুইহলামং মারমার দেওয়া তথ্য অনুযায়ী, এই একাডেমি থেকে আটজন নারী ফুটবলার বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ পেয়েছে। এছাড়া চাকরির ক্ষেত্রেও অভাবনীয় সাফল্য এসেছে; সেনাবাহিনীতে ছয়জন, পুলিশে একজন, বিমানবাহিনীতে একজন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ৫০ জন খেলোয়াড় কোটায় চাকরি পেয়েছে।
ফুটবল ছাড়াও অন্যান্য খেলায় সাফল্য এসেছে এই একাডেমির শিক্ষার্থীদের। আনসার ফেন্সিং দলে আটজন, জুডোতে চারজন এবং সাইক্লিস্ট হিসেবে একজন যুক্ত হয়েছে। এছাড়া ছয়জন শিক্ষার্থী বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পেয়েছে।
বর্তমান জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, মনিকা চাকমা, আনাই মোগিনী ও আনুচিং মোগিনীও একসময় সুইহলামং মারমার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি তাঁদের ঘাগড়া উচ্চবিদ্যালয় মাঠে প্রশিক্ষণ দিয়েছেন এবং তিনি ঋতুপর্ণাদের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জাতীয় দলের স্বপ্ন দেখছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে আসা আনিষা তঞ্চঙ্গ্যা। সে ইতিমধ্যে বাংলাদেশ আনসার একাডেমির ফেন্সিং ইভেন্টে খেলার সুযোগ পেয়েছে। আনিষা বলে, ‘আমাদের বান্দরবান থেকে এর আগে এভাবে কেউ মূলধারার খেলায় সুযোগ পায়নি। পাহাড়ি গ্রাম থেকে এসে সুইহলামং স্যারের কাছে কঠোর অনুশীলন করেছি। স্যারের সঠিক দিকনির্দেশনায় আমি বাংলাদেশ আনসার একাডেমির ফেন্সিং টিমে খেলার সুযোগ পেয়েছি। তবে আমার মূল লক্ষ্য ও স্বপ্ন—একদিন ঋতুপর্ণা আপুদের মতো দেশের জার্সিতে জাতীয় দলের হয়ে মাঠে নামব।’
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থেকে আসা অর্কি চাকমাও জাতীয় পর্যায়ের ফুটবলার হতে আগ্রহী। সে বলে, ‘এখানে স্যারের অধীনে আমাদের নিয়মিত খুব কঠোর অনুশীলন করতে হয়। কোনো ছাড় নেই। কিন্তু অনুশীলনের বাইরে স্যার আমাদের অভিভাবকের মতো যত্ন নেন। স্যারের নিবিড় দিকনির্দেশনায় নিজেকে প্রতিদিন প্রস্তুত করছি, যেন ভবিষ্যতে দেশের সেরা খেলোয়াড় হতে পারি এবং রূপনা ও মনিকা আপাদের শূন্যস্থান পূরণ করতে পারি।’
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আকর্ষণী চাকমা এই একাডেমির একজন খেলোয়াড়। সে বলে, ‘এই একাডেমি আমাদের শুধু অনুশীলনেই সীমাবদ্ধ রাখে না, নিয়মিত বিভিন্ন জেলা ও আঞ্চলিক টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেয়। আমি জাতীয় বয়সভিত্তিক দল থেকে চিঠি পেয়েছি। এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি দেশকে সেরা খেলাটা উপহার দিতে চাই।’
একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা ও সাফল্য নিয়ে সুইহলামং মারমা বলেন, ‘পার্বত্য অঞ্চলের পাহাড়ি কিশোরীদের মধ্যে শারীরিক সক্ষমতা ও ফুটবলের জন্য সুপ্ত সম্ভাবনা রয়েছে। দরকার কেবল সঠিক দিকনির্দেশনা ও সঠিক পরিচর্যা। আজ যে সুবিধাগুলো এই একাডেমিতে রয়েছে, তা যদি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় আরও বড় পরিসরে বাড়ানো যায়, তবে এই একাডেমি থেকেই উঠে আসবে আগামী দিনের বহু ঋতুপর্ণা, মনিকা ও রূপনা। তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।’
স্থানীয় প্রশাসনও এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন মুক্তকণ্ঠকে বলেন, সুইহলামং মারমার এই উদ্যোগ পাহাড়ের মেয়েদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলছে। কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া কিশোরীদের প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী প্রদান করা হচ্ছে। তাদের আবাসিকে খাবারের সুব্যবস্থা করা হচ্ছে। এই ধারাবাহিক সমর্থন ভবিষ্যতে আরও জোরদার করা হবে।