ফেনী শহরের ফুসফুস হিসেবে পরিচিত রাজাঝির দিঘির পাড় এখন অবৈধ বাণিজ্যের আখড়া। বছরের পর বছর ধরে এই ঐতিহাসিক দিঘির চারপাশ দখল করে রাখা হয়েছে। ফলে দিঘির পাড়ে সড়ক থাকা সত্ত্বেও পথচারীদের হাঁটাচলা করা দুঃসাধ্য হয়ে পড়েছে, যান চলাচলের কথা তো দূরে থাক। বিশেষ করে দিঘির দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম পাড় সম্পূর্ণ জবরদখল করে গড়ে উঠেছে পাঁচ শতাধিক অবৈধ দোকান। এসব দোকানের যাবতীয় আবর্জনা সরাসরি দিঘির পানিতে ফেলা হচ্ছে, যার ফলে দূষণে বিবর্ণ হয়ে পড়েছে ফেনী শহরের ‘জন্ম সাক্ষী’ এই দিঘি। পুরো এলাকাটি এখন ভয়াবহ দখল ও দূষণের কবলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরার মাণিক্য রাজবংশের এক রাজা তার অন্ধ কন্যার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার কামনায় ১০ দশমিক ৩২ একর জায়গা জুড়ে এই দিঘিটি খনন করেছিলেন। সেখান থেকেই এই দিঘির নাম হয় রাজাঝির দিঘি বা রাজনন্দিনীর দিঘি। ফেনীর প্রাণকেন্দ্র ট্রাংক রোডের পাশেই এর অবস্থান। এক সময় ফেনীতে আগত দর্শনার্থীরা এই দিঘির নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাতেন। এখানকার নির্মল জলরাশি আর মুক্ত বাতাসে প্রাণ খুলে শ্বাস নিতেন পর্যটকরা। উল্লেখ্য, এই রাজাঝির দিঘিকে কেন্দ্র করেই ১৮৭৫ সালে ফেনী মহকুমা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জেলায় উন্নীত হওয়ার পর দিঘির পূর্ব ও পশ্চিম পাড়ে জেলা ও দায়রা জজ আদালত, অফিসার্স ক্লাব, কোর্ট মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন, সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন, ফেনী মডেল থানা এবং পশ্চিম উত্তর কোণে জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে ওঠে। উত্তর পাড়ে ছিল সড়ক ও জনপথের ডাক বাংলো। পরে জেলা সদর দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়া হলে জেলা প্রশাসক কার্যালয় ও আদালতও সেখানে স্থানান্তরিত হয়। মূলত এই দিঘিকে কেন্দ্র করেই ফেনী মহকুমার ভিত্তি স্থাপিত হয়েছিল।
তবে বর্তমানে এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্মৃতি ও গুরুত্ব উপেক্ষা করে দখল ও দূষণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে দিঘি ও এর পার্শ্ববর্তী এলাকা। অবৈধ দখলদারির কারণে দিঘিটির প্রাণ এখন প্রায় নিঃশেষ। পথচারীদের চলাচলের জায়গা দখল করে গড়ে ওঠা এসব দোকানের কারণে সেখানে মাদকসেবী ও ইভটিজারদের আনাগোনা বেড়েছে। দোকানপাটের আড়ালে এখন রমরমা মাদকের কারবার চলে, পাশাপাশি কিশোর গ্যাংয়ের দাপটও চোখে পড়ার মতো। সম্প্রতি এই দিঘিতে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে ফেনী পৌরসভা দিঘির পূর্ব ও দক্ষিণ পাড়ে দৃষ্টি নন্দন ওয়াকওয়ে নির্মাণ করলেও অবৈধ স্থাপনা ও কিশোর গ্যাংয়ের উৎপাতে হাঁটাচলার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। প্রশাসন বারবার উচ্ছেদের ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি। এর আগে কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর দিঘির পাড় আবার পুরোনো চেহারায় ফিরে যায়। ২০১৬ সালের ডিসেম্বর, ২০১৭ সালের এপ্রিল এবং ২০১৯ সালের মার্চে ফেনী জেলা প্রশাসন ও পৌরসভা এই এলাকাটি দখলমুক্ত করেছিল। সে সময় পৌরসভা কর্তৃপক্ষ মাইকিং করে দোকান সরিয়ে নিতে বললেও দোকানিরা কর্ণপাত করেননি। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। জানা গেছে, একটি প্রভাবশালী মহল এই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে এবং তাদের ছত্রছায়াতেই এই অবৈধ ব্যবসা চলছে। ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে এই নিয়ন্ত্রণও পরিবর্তিত হয়। দীর্ঘদিনের এই অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে দিঘির প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা এখন জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সৈয়দ মনির আহমদ মুক্তকণ্ঠকে বলেন, “সরকারি জায়গা জবর দখল করে অবৈধ দোকান নির্মাণ করে বছরের পর বছর অবৈধ বাণিজ্য চলছে। বিগত সময়ে আওয়ামী লীগ নেতারা এ থেকে ভাগ পেলেও ৫ আগষ্ট পট পরিবর্তনের পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা ও প্রশাসনের কতিপয় কর্মকর্তা এ থেকে অবৈধ সুবিধা ভোগ করেন। আর এসব কাজে সহযোগিতা করেন ইলিয়াস নামের এক লোক। যেখানে একজন ব্যবসায়ীকে তার দোকানে বিদ্যুৎ সংযোগ নিতে জমির কাগজসহ আনুষাঙ্গিক কাগজপত্র জমা দিতে হয় সেখানে পিডিবি কিভাবে তাদের বিদ্যুৎ সংযোগ দিল? জেলা শহরের ফুসফুস খ্যাত এ দিঘির সৌন্দর্য ফিরে আনতে অবিলম্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে।”
অন্যদিকে, দিঘির পাড়ের কাপড় ব্যবসায়ী মোর্শেদ আলম মুক্তকণ্ঠকে বলেন, “আমার বাবা দীর্ঘ দিন এ দিঘির পাড়ে ব্যবসা করেছেন। সম্প্রতি ওনার মৃত্যুর পর আমি দোকানটি পরিচালনা করছি। এটি দিয়েই আমাদের সংসার চলে। তাছাড়া দিঘির পাড়ের এসব দোকান ঘিরে দুই হাজারেরও বেশি মানুষের সংসার চলছে। এখানে ব্যবসা করতে না পারলে এসব পরিবারের মানুষগুলোর না খেয়ে মরার দশা হবে। জেলা প্রশাসন ও পৌরসভা যদি একটি হকার্স মার্কেট তৈরি করে দেয় তাহলে আমাদের স্থায়ী পুনর্বাসন হতো।”
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, “রাঝাজির দিঘির পাড়ের ৫ শতাধিক অবৈধ দোকান পৌরসভা থেকে অনুমোদন ছাড়াই বসছে। এ থেকে পৌরসভা কোনো ভাড়া পায় না। আমরা লোকমুখে শুনেছি কে বা কারা প্রতি দোকান প্রতি মাসিক ৬শ টাকা করে আদায় করে। এ বিষয়ে পৌরসভা কিছু অবগত নয়।”
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার এ বিষয়ে বলেন, “রাজাঝির দিঘির পাড়ের অবৈধ দোকানগুলো শহরের জন্য একটি বিষ ফোঁড়া। আমাদের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ ও সব ট্যাক্স পরিশোধ করে ব্যবসা করতে পারছে না আর তারা অবৈধ জায়গা দখল করে ব্যবসা করবে এটি হতে পারে না। অবিলম্বে এসব অবৈধ দোকান উচ্ছেদ করে দিঘির প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে।”
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “রাাজাঝির দিঘির পাড়কে কেন্দ্র করেই আজকের ফেনী শহরের গোড়াপত্তন হয়েছে। দিঘির আশপাশে ছিল শহরের গুরুত্বপূর্ণ সরকারি অফিস। কালের পরিক্রমায় দিঘির পাড় এখন অবৈধ হকারদের দখলে চলে গেছে। নামকাওয়াস্তে উচ্ছেদ অভিযান পরিচালনা না করে প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নিয়ে এসব দোকানগুলো ভাড়া দেয় তাহলে সরকারের বিপুল রাজস্ব আদায় হতো। সন্ধ্যাকালীন বাজার বসালে জায়গা ও দখলমুক্ত হতো হকারদের ও পুনর্বাসন হতো। আর কেউ যদি দলের নাম বিক্রি করে এসব দোকান থেকে চাঁদা আদায় করে তাহলে বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, “রাজাঝির দিঘির পাড়ে অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলো দীর্ঘ দিনের সমস্যা। এ বিষয়ে জেলা পরিষদ, ফেনী পৌরসভা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”