সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে প্রবেশ করতেই আমি এক অভাবনীয় দৃশ্যের মুখোমুখি হলাম, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠল। যে জিনিসটি দীর্ঘকাল ধরে ঘরের এক কোণে অবহেলায় পড়ে থাকত, যার কোনো মান-সম্মান ছিল না; এমনকি ভেতরে গ্যাস আছে কি না তা যাচাই করতে বাড়ির কর্ত্রী স্টিলের চামচ কিংবা খুন্তি দিয়ে সজোরে ‘ঠং ঠং’ করে বাড়ি মারতেন; বেচারা নীরবে-নিভৃতে সেই নির্যাতন সহ্য করে সার্ভিস দিয়ে যেত। সেই জিনিসটিকে এখন চুলার তাকের ওপর এমনভাবে সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে যে, খুন্তি তো দূরের কথা, একটি মশাও সেখানে বসার সাহস পাবে না!

নাশতার টেবিলে সবাই বসার পর লক্ষ্য করলাম, আলোচনার মূল কেন্দ্রবিন্দু বা 'হট টপিক' হয়ে দাঁড়িয়েছে এই সিলিন্ডারটি। বাবা হঠাৎ বলে উঠলেন, ‘যে যা বলবা, বলো। জীবনে কনসিসটেন্সি বজায় থাকলে একদিন সবাই সফলতার চূড়ায় পৌঁছাবেই; যার বাস্তব উদাহরণ এই এলপি গ্যাসের সিলিন্ডার।’ নিজের জীবনে ধারাবাহিকতার অভাব অনুভব করার মুহূর্তেই মা তুলনা করে বললেন, ‘যেভাবে ও জীবনযুদ্ধে এগিয়ে গেছে, সবার মুখে মুখে এখন ওর সুনাম; আর তুই? দেখ, অন্তত এই সিলিন্ডার থেকে তোর কিছু শেখা উচিত।’

দ্রুত নাশতা শেষ করে প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হলাম রায়হানের বাসায় যাওয়ার জন্য। বাসার নিচে নামতেই দেখলাম, গলির মুখে মানুষের ছোটখাটো এক জটলা। কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখি, এলাকার ফাহিম তার রয়েল এনফিল্ড মোটরসাইকেলের ওপর বসে ডান হাতের আঙুল দিয়ে চাবি ঘোরাচ্ছে এবং কালো সানগ্লাস পরে আশপাশে তাকিয়ে মিনমিন সুরে গান গাইছে। অবাক হতে হয়! যে ব্যক্তি এতদিন দুচাকার সাইকেল চালাত, সে এখন দুচাকার মোটরসাইকেল চালাচ্ছে, তাও আবার দামী রয়েল এনফিল্ড! তাকে ঘিরেই উৎসুক এলাকাবাসীর ভিড় জমেছে।

তদন্ত করে জানতে পারলাম, ফাহিমের এই চমৎকার 'সাইকেল টু মোটরসাইকেল' রূপান্তরে বড় ভূমিকা রেখেছে সেই এলপিজি সিলিন্ডার। ঠিক পাঁচ মাস আগে সে এক মুরব্বির কাছে পরামর্শ নিতে গিয়েছিল। সেই মুরব্বি তাকে বুদ্ধি দিয়েছিলেন, ‘দেখো বাবা, মুরব্বিরা যা বলে, তা কিন্তু মন দিয়ে শুনতে হয়। কারণ, সেগুলো সব নিজেদের অভিজ্ঞতা থেকে বলা।’ মুরব্বির পরামর্শই ছিল সিলিন্ডার কিনে স্টক করে রাখা এবং সুবিধাজনক সময়ে দাম বাড়লে তা বিক্রি করে দেওয়া। একটি মাত্র পরামর্শের জোরেই আজ ফাহিম লালে লাল! তবে আমার মনে হলো, বেচারার ধৈর্যশক্তি কিছুটা কম ছিল। সে যদি আরও কয়েক মাস অপেক্ষা করত, তবে হয়তো এই সিলিন্ডার বিক্রি করেই সে চার চাকার গাড়ি কিনে ফেলতে পারত!

এরপর রায়হানের বাসায় প্রবেশ করতেই আবারও আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা হলো। সেখানে সিলিন্ডার নিয়ে রীতিমতো এলাহি কাণ্ড চলছে। ড্রয়িংরুমে একটি কাচের বাক্সের ভেতর মখমলে লাল কাপড়ের ওপর শোভা পাচ্ছে ১২ কেজির ঝকঝকা ফকফকা একটি সিলিন্ডার। তার নিচে সতর্কবার্তা লেখা, ‘সতর্কীকরণ: দয়া করে দূর থেকে দেখুন, হাত দেবেন না’। আমার ভ্যাবাচেকা চাহনি দেখে রায়হান বলে উঠল, এত মূল্যবান জিনিস রান্নাঘরে শোভা পায় না। এটি একদম অরিজিনাল, কোনো ডুপ্লিকেট নয়। বাসায় আসা অতিথিরা এটি দেখে অবাক হয়ে যান; যেন এটি আভিজাত্যের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সিলিন্ডারটি যদি কথা বলতে পারত, তবে এই অদ্ভুত পরিস্থিতি দেখে নিশ্চয়ই বলত,

‘হে আমজনতা, যখন ছিল না আমার দাম, বাসত না ভালো কেউ।

ভালোবাসা কতটাই না অদ্ভুত;

এখন বেড়েছে যে দাম, দিয়েছ যে ভালোবাসা।’

আর আমি নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলাম, হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব সিলিন্ডার!