একটি প্রচলিত প্রবাদ রয়েছে—‘যার দুটি দিন সমান হলো, সে ক্ষতিগ্রস্ত; আর যার আজকের দিনটি গতকালের চেয়ে খারাপ হলো, সে ধ্বংসপ্রাপ্ত।’ ইসলামি জীবনদর্শনের আলোকে এই বাক্যটির ভেতরে অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ বার্তা নিহিত রয়েছে।

সময় সর্বদা একমুখী। যা একবার অতিবাহিত হয়ে যায়, তা আর কখনোই ফিরে আসে না। একজন মুমিনের জন্য প্রতিটি নতুন দিন কেবল একটি সূর্যোদয় নয়, বরং এটি হলো নিজের আত্মিক উন্নয়ন এবং গতকালের ভুলগুলো শুধরে নেওয়ার এক অনন্য সুযোগ। আমাদের প্রতিটি দিনকে কীভাবে গতকালের চেয়ে আরও উন্নত ও অর্থবহ করা যায়, তার কিছু বাস্তবমুখী পদক্ষেপ নিচে আলোচনা করা হলো।

আজকের দিনটিকে গতকালের চেয়ে উত্তম করতে হলে প্রথমেই প্রয়োজন গতকালের লাভ-ক্ষতির একটি সঠিক হিসাব নেওয়া। ইসলামি পরিভাষায় এই আত্মপরীক্ষা বা আত্মবিশ্লেষণকে বলা হয় ‘মুহাসাবা’। খলিফা ওমর (রা.) এই আত্মোপলব্ধির গুরুত্বারোপ করে বলতেন, ‘তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নিজেরা নাও এবং চূড়ান্ত হাশরের পেশির জন্য নিজেদের প্রস্তুত করো।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৫৯)

তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা নতুন দিনের শুরুতে নিজেকে এই প্রশ্ন করা উচিত যে, গতকাল আমি কী ভালো কাজ করেছি এবং কোথায় ভুল করেছি। এই বিষয়ে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, ‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির লক্ষ্য করা উচিত যে আগামীকালকের জন্য সে কী পাঠিয়েছে।’ (সুরা হাশর, আয়াত: ১৮)

হয়তো গতকাল কোনো পাপকাজ হয়ে গেছে, কারও সাথে খারাপ আচরণ করা হয়েছে কিংবা অলসতার কারণে মূল্যবান সময় নষ্ট হয়েছে। আজকের দিনটিকে সুন্দর করার অন্যতম উপায় হলো সেই অতীত ভুলের জন্য আন্তরিক অনুশোচনা করা এবং তা শুধরে নেওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করা।

দিনের শুরুটা যদি সুন্দর হয়, তবে পুরো দিনের গতিপথই ইতিবাচক হয়ে ওঠে। সকালে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে জীবন পাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং দোয়ার মাধ্যমে দিনের শুভ সূচনা করা উচিত। বিশেষ করে ফজরের নামাজের পর সূর্যোদয়ের মধ্যবর্তী সময়টুকু অলসতায় নষ্ট না করে দিনের পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণে ব্যয় করা অত্যন্ত বরকতময়। যখন সুনির্দিষ্ট সময়সূচি ও পরিকল্পনা নিয়ে কাজে নামা হয়, তখন সময়ের অপচয় কমে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।

গতকালের ত্রুটিগুলো দূর করতে এবং জীবনের ভারসাম্য ফিরিয়ে আনতে আজ অন্তত একটি অতিরিক্ত সৎকাজ করার চেষ্টা করা যেতে পারে। মহানবী (সা.) বলেছেন, ‘অন্যায়ের পরপরই কোনো ভালো কাজ করো, যা সেই অন্যায়কে মুছে দেবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৮৭)

যেকোনো কাজের প্রকৃত কল্যাণ নির্ভর করে নিয়তের ওপর। আজ আমরা যা কিছুই করি না কেন—তা হোক জীবিকার সন্ধান, পড়াশোনা, পরিবারের যত্ন নেওয়া কিংবা সামাজিক সেবা—সবই যদি সৎ নিয়তে করা হয়, তবে তা ইবাদতে পরিণত হয়। এ প্রসঙ্গে মহানবী (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১)

প্রতিদিন সকালে জাগতিক কাজের সাথে একটি মহৎ উদ্দেশ্য যুক্ত করলে তা মনে আত্মিক প্রশান্তি ও কাজে একাগ্রতা তৈরি করে। মনে রাখতে হবে, এক দিনেই জীবন পুরোপুরি বদলে ফেলা সম্ভব নয়; এখানে প্রয়োজন ধারাবাহিক অগ্রগতি। গতকালের চেয়ে আজ একটি অতিরিক্ত ভালো কাজ করা অথবা একটি মন্দ অভ্যাস ত্যাগ করার চেষ্টাই হলো প্রকৃত সফলতা। মহানবী (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা-ই, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)

আজ যদি একটি নতুন শুভ অভ্যাস বা চর্চাকে জীবনে যুক্ত করা যায়, তবে গতকালের তুলনায় আজকের দিনটি নিঃসন্দেহে অনন্য হয়ে উঠবে। ইবনে রজব আল-হাম্বলি প্রাচীন এক মনীষীর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘হে আদম সন্তান, তুমি তো শুধু কতগুলো দিনের সমষ্টি; যখনই একটি দিন চলে যায়, তোমার জীবনের একটি অংশও ক্ষয় হয়ে যায়।’ (আল-হাম্বলি, জামিউল উলুমি ওয়াল হিকাম, ১/৩৮২, দারুল হাদিস, কায়রো, ২০০১)