নোয়াখালীর কবিরহাটে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত মহিন উদ্দিন ওরফে জাসেদ (৩০) কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে মহিন উদ্দিন কবিরহাট বাজারে গেলে ছয়-সাতজনের একটি দল তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজনের সহায়তায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলা বক্স টিটো মুক্তকণ্ঠকে বলেন, মহিন উদ্দিন যুবলীগের ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। তিনি পৌরসভার কাউন্সিলরও ছিলেন। হামলাকারীরা সবাই ক্ষমতাসীন দলের লোকজন। এ কারণে নিরাপত্তার স্বার্থে মহিন উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়নি। একটি বাড়িতে রেখে তাঁর চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া শুক্রবার রাতে মুক্তকণ্ঠকে বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি দেখেছেন। তবে কখন, কোথায় এবং কারা হামলা করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।