বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে এক চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া। তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে নামের ভুল অনুবাদের কারণে তারেক রহমানের পরিবর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে। সম্প্রতি এই ঘটনার প্রকৃত কারণ ব্যাখ্যা করেছেন রিওসেই আকাজাওয়া।

শুক্রবার (৬ নভেম্বর) টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তাঁর পূর্ণ জ্ঞান রয়েছে। তবে দুজনের ছবিসহ পোস্ট করা সেই বার্তায় স্বয়ংক্রিয় অনুবাদের (Automatic Translation) ত্রুটির কারণে তারেক রহমানের নামের জায়গায় শেখ হাসিনার নাম প্রদর্শিত হয়।

ডয়চে ভেলে তাদের এক প্রতিবেদনে এএফপির বরাতে এই তথ্যটি প্রকাশ করেছে।

এই ধরণের গুরুতর ভুলের জন্য ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর তীব্র সমালোচনা করেছেন জাপানের এই মন্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদ-সুবিধা তাঁকে এক অত্যন্ত সংবেদনশীল ও বিব্রতকর কূটনৈতিক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। অনুবাদের এই ত্রুটির ফলে এমন একটি ইঙ্গিত তৈরি হয়েছে যে, তিনি সম্ভবত তাঁর বৈঠক করা বিশ্বনেতাদের নাম পর্যন্ত জানেন না।

বিষয়টি নিয়ে রিওসেই আকাজাওয়া সাংবাদিকদের বলেন, ‘বিষয়টা গুরুতর। বাংলাদেশের জনগণের মনে এ ধারণা তৈরি হতে পারে যে, আমাদের (বাংলাদেশের) প্রধানমন্ত্রী কে তা জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানেনই না।’

উল্লেখ্য যে, গত ২৮ অক্টোবর এক্স-এ জাপানি ভাষায় একটি পোস্ট দেওয়া হয়েছিল। সেখানে উল্লেখ ছিল যে, জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদ টুলটি যখন ইংরেজি অনুবাদ করে, তখন তা এমনভাবে পরিবর্তিত হয় যে মনে হচ্ছিল আকাজাওয়া দাবি করছেন, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

রিওসেই আকাজাওয়ার জন্য এই পরিস্থিতি আরও বেশি অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে কারণ তিনি এর আগেও অনুবাদের এই ধরণের গোলযোগের শিকার হয়েছেন।

জাপানের বাণিজ্যমন্ত্রী আরও জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে একটি অনলাইন বৈঠক নিয়ে পোস্ট দেওয়ার সময়ও একই ধরনের ভুল ঘটে। সেখানে এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদ সুবিধা লিখে দেয় যে, তিনি কুয়েতের তেলমন্ত্রীর বদলে কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

আকাজাওয়া আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক সংক্রান্ত তাঁর আরেকটি পোস্টেও অনুবাদের ফলে ভুল নাম চলে এসেছিল।

টানা তিনবার এমন বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া বলেন, ‘এক্সের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনুবাদের টুলটি ঠিক করে।’