ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ লাখ টাকা মূল্যের শুঁটকিভর্তি একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাই চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এই অভিযানে ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করার পাশাপাশি ১৬০ বস্তা শুঁটকিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টার দিকে জামালপুর সদর থানার শরিফপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিবর্গের নাম মো. মনির হোসেন (৪৫), মো. আক্তার হোসেন (৩২), মো. বাবুল (২৮) ও মো. নাদিম (২৪)।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর রাত ১০টার দিকে চট্টগ্রামের আসাদগঞ্জ শুঁটকি পট্টি এলাকার ‘সামিয়া ট্রেডার্স’ থেকে ব্যবসায়ী শ্যামল দাস ৪০ লাখ ১২ হাজার ৭৮৫ টাকা মূল্যের শুঁটকি ক্রয় করেন। এরপর চালক আরিফ হোসেনের পরিচালিত কাভার্ডভ্যানে ওই শুঁটকি বোঝাই করে চট্টগ্রামের আসাদগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

যাত্রাপথে ১ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার লালপুল থেকে এক কিলোমিটার দক্ষিণে জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসার বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পৌঁছালে একটি কালো রঙের মহিন্দ্র পিকআপভ্যান তাদের গাড়ির গতিতে বাধা দেয়। সেই মুহূর্তে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি চাকু দেখিয়ে কাভার্ডভ্যানের ভেতরে প্রবেশ করে চালক ও ব্যবসায়ীকে মারধর করে। একপর্যায়ে তাদের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে হাত, পা ও মুখ বেঁধে ফেলা হয়। এসময় বাদীর কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর তাদের রাস্তার পাশের জঙ্গলে ফেলে দিয়ে শুঁটকিভর্তি কাভার্ডভ্যানটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায় অপরাধীরা।

ভুক্তভোগীর করা মামলার প্রেক্ষিতে ফেনী মডেল থানা পুলিশ তিনটি বিশেষ টিম গঠন করে নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যাপক অভিযান শুরু করে। গত ৩ নভেম্বর রাত ১০টা ১০ মিনিটের দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী ফ্লাইওভারের নিচ থেকে খালি অবস্থায় ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়।

এরপর তথ্যপ্রযুক্তির বিশেষ সহায়তায় জামালপুর জেলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জামালপুর সদর থানার শরিফপুর এলাকা থেকে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর সদর থানার শরিফপুর ইউনিয়নের বাঙালি সাকিনস্থ ‘রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজ’-এর সামনে থেকে মামলার চোরাইকৃত ১৬০ বস্তা শুঁটকি জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার তদন্ত ওসি সজল কান্তি দাস গণমাধ্যমকে জানান, “গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা ছিন ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে শুঁটকি ও অন্যান্য মালামালবাহী গাড়ির গতি রোধ করে সুকৌশলে মালামাল ছিনতাই করে আসছিল এবং পরবর্তীতে তা অজ্ঞাত ক্রেতাদের কাছে বিক্রি করত।”