ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায় বাংলাদেশ। এই বিষয়ে স্পষ্ট কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের প্রক্রিয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।”

শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি নিয়ে কটাক্ষ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনার ফিরে আসা হাস্যকর। সে শ্বশুরবাড়ি বেড়াতে আসবে না যে, পাসপোর্ট নিয়ে আসবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই অনুযায়ী তার হস্তান্তর চায় সরকার।”

অন্যদিকে, বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোর প্রসঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এই করিডোর নিয়ে বাংলাদেশ কোনো ধরনের ভূ-রাজনৈতিক শঙ্কা পোষণ করছে না। বরং এটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত হবে। এই আঞ্চলিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের যথেষ্ট আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এই প্রক্রিয়ার আগে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ সরকার।