ভারতে যাওয়ার প্রচেষ্টায় দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হিমাংশু পাল। তিনি বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় হিমাংশু পালের নাম স্টপ লিস্টে পাওয়া যায়। এর পরপরই তাকে আটক করা হয়। জানা গেছে, আটক হিমাংশুর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, "বাগেরহাট সদর থানার ওসির পাঠানো চিঠির ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।"
পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে আটক হিমাংশু পালকে বেনাপোল পোর্ট থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।