খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্যাপনের লক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা অনুদানের আবেদন জানিয়েছিল। তবে ট্রাস্টের সেই আবেদনের চেয়ে এক কোটি টাকা অতিরিক্ত প্রদান করে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এই সংক্রান্ত একটি সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তার অনুমোদন প্রদান করেন। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত সারসংক্ষেপে উল্লেখ করা হয় যে, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান প্রদানের প্রস্তাব দেওয়া হয়।
প্রেরিত সারসংক্ষেপে ট্রাস্টের অনুকূলে প্রাথমিকভাবে দুই কোটি টাকা বরাদ্দের বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হয়েছিল। তবে প্রস্তাবিত অর্থের পরিমাণের চেয়ে বেশি অর্থাৎ তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।