পিরোজপুরের নাজিরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজান খান (৩৫) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। রাস্তার ওপর হঠাৎ চলে আসা এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যার ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার শাঁখারীকাঠী বাজারসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত মিজান খান নাজিরপুর উপজেলা সদরের বাসিন্দা মোজাহার খানের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মিজান সাতকাছিমিয়া ব্রিজসংলগ্ন নদী পার হয়ে শাঁখারীকাঠী স্কুলের সামনের সড়ক দিয়ে শাঁখারীকাঠীর দিকে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে তার সামনে একটি শিশু সাইকেল চালাচ্ছিল। হঠাৎ শিশুটি সাইকেলসহ রাস্তার মাঝখানে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে মিজান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার সময় তার চোখে সানগ্লাস থাকায় সেটি ভেঙে গিয়ে তার নাক, চোখ ও মাথার বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ মুক্তকণ্ঠকে জানান, “মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় মিজানকে হাসপাতালে আনা হয়। তার নাকের হাড় ভেঙে মুখের ভেতরে ঢুকে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া রোগীর রক্তবমি ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”