আমিই নজরুল–এর আয়োজনে ‘শতবর্ষে কাজী নজরুলের লাঙল’ শীর্ষক গান, কবিতা ও আলোচনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ‘জয় হোক জয় হোক’ দলীয় গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সূচনা বক্তব্য দেন আমিই নজরুল–এর পরিচালক উম্মে রুমা ট্রফি। ‘লাঙল’ পত্রিকায় প্রকাশিত কাজী নজরুল ইসলামের ‘সব্যসাচী’ কবিতাটি আবৃত্তি করেন আইরিন সুলতানা।

অনুষ্ঠানে ‘লাঙল’ পত্রিকা নিয়ে আলোচনা করেন ‘শতবর্ষে কাজী নজরুলের লাঙল’ বইয়ের সম্পাদক ও আমিই নজরুল–এর প্রতিষ্ঠাতা আবু সাঈদ ও লেখক সোনিয়া তাসনীম খান।

আবু সাঈদ বলেন, ‘লাঙল’ পত্রিকাটি যখন বের হয়, তখন নজরুলের বয়স মাত্র ২৬ বছর। নজরুল তখন জনপ্রিয়তার তুঙ্গে। এই পত্রিকার মাধ্যমে তিনি তুলে ধরেছেন অসাম্প্রদায়িক এক ভূখণ্ডের কথা। হিন্দু কিংবা মুসলমানের বিবাদ দূর করার জন্য এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পত্রিকায় কবি নজরুল পরিচালক হিসেবে উল্লেখ থাকলেও তিনিই সবকিছু করতেন। ‘লাঙল’–এ নজরুলের প্রথম সংখ্যায় ১১টি গুরুত্বপূর্ণ কবিতা প্রকাশিত হয়। সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, নারী, কুলি, মজুর উল্লেখযোগ্য।

সোনিয়া তাসনীম খান বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। চুপ করে থাকেননি। এই পত্রিকায় নজরুল ইসলাম কৃষক শ্রমিক মানুষের অধিকার আদায়ের কথা বলেছেন, যা আজও খুব প্রাসঙ্গিক।’

নজরুলসংগীত পরিবেশন করেন উম্মে রুমা ট্রফি, ইশরাত জাহান, মোহনা রেজা, নুরজাহান বেগম (রেশমা), ঝর্ণা দেবনাথ, সুমন চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে এক ফাঁকে কবি, লেখক ও গবেষক আবু সাঈদের জন্মদিন উদ্‌যাপন করা হয়।

দলীয় সংগীত ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’ গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইরিন সুলতানা। আমিই নজরুল–এর আয়োজনে সহযোগী হিসেবে ছিল মুক্ত আসর, স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি ও বইচারিতা।